সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ৯৮১ জন শিশু হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৯ জন শিশু এবং চিকিৎসা শেষে ৯৭৪ জন ছাড়পত্র পেয়েছে। ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জন, যার মধ্যে নিশ্চিতভাবে ১৭ হাজার ৯৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।






























