বিএনপি সরকার গঠনের পর দলটির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং বিভিন্ন কারণে দলীয় মনোনয়নবঞ্চিত নেতাদের মূল্যায়নের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সিলেটের পাঁচজন প্রভাবশালী বিএনপি নেতাকে স্থানীয় সরকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সর্বশেষ গত সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসন থেকে দলের মনোনয়ন চেয়েছিলেন। তবে ওই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিককে মনোনয়ন দেওয়া হয়েছিল। মনোনয়ন না পেলেও কাইয়ুম চৌধুরী নির্বাচনে সিলেটের ছয়টি আসনে বিএনপির সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে গত ১৫ মার্চ সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
গত ১১ জুন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কয়েস লোদী সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র পদেও দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
এছাড়া গত ৯ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে সিলেট-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।




























