অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং দখলদারদের পৃথক হামলায় এক শিশুসহ মোট আট ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট, প্রত্যক্ষদর্শী এবং সরকারি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানা গেছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, নাবলুস গভর্নরেটের বেইত ইমরিইন শহরে ইসরায়েলি দখলদাররা সেনাদের সহায়তায় ছয় ফিলিস্তিনিকে পিটিয়ে আহত করেছে। আহতদের বয়স ২৪ থেকে ৬৫ বছরের মধ্যে। সংস্থাটি জানিয়েছে, এই ছয় ব্যক্তিকে দুই দিন আগেই ইসরায়েলি বাহিনী আটক করেছিল। ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য হস্তান্তর করে। প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, বেইত ইমরিইন শহরে স্থানীয় বাসিন্দা এবং দখলদারদের মধ্যে সংঘর্ষের পর ইসরায়েলি বাহিনী ১১ জনকে আটক করেছিল। সেনাদের হাতে আটক ফিলিস্তিনিদের হাতকড়া পরিয়ে দখলদারদের হাতে তুলে দেওয়া হয়, যারা তাদের ওপর বারবার নির্যাতন চালায়। মঙ্গলবার সকালে মুক্তি পাওয়ার পর তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, পৃথক ঘটনায় রামাল্লাহর দক্ষিণে আল-আমারি শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে এক শিশুসহ আরও দুইজন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পেটে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে এবং তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের কর্মীরা গুলিবিদ্ধ এক শিশুকে হাসপাতালে পৌঁছে দিয়েছে, যার পায়ে সরাসরি গুলি লেগেছিল। ফিলিস্তিনের সরকারি সম্প্রচারমাধ্যম প্যালেস্টাইন টিভি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওই শিবিরে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সৈন্যরা সামরিক যান থেকে নেমে শিবিরের সরু গলি দিয়ে ছড়িয়ে পড়ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান এবং দখলদারদের হামলা অব্যাহত রয়েছে। এর পাশাপাশি অবৈধ বসতি স্থাপন, বসতি স্থাপনকারীদের জন্য রাস্তা নির্মাণ এবং ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ২০২৬ সালের শুরু থেকে ফিলিস্তিনি এবং তাদের সম্পত্তির ওপর ১,৪৩০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনিদের অভিযোগ, এই হামলার মূল উদ্দেশ্য হলো তাদের জমি ও সম্পত্তি দখল করে পশ্চিম তীরকে পুরোপুরি অন্তর্ভুক্ত করা এবং তাদের বাস্তুচ্যুত করা।






























