দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক ম্যাচে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় অন-ফিল্ড আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচ চলাকালীন এক ব্যাটারের জোরালো শট সরাসরি তার গালে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুযায়ী, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে প্রতিপক্ষের রান তাড়ার ইনিংসের ১৮তম ওভারে। বোলার আশিস মিনার একটি ডেলিভারি করলে নিউ দিল্লির তরুণ ব্যাটার লক্ষ্য থারেজা সোজা ব্যাটে একটি জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন। বলটি মাটিতে ড্রপ খাওয়ার কোনো সুযোগ না পেয়ে সরাসরি আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের ডান গালের পাশে কানের ঠিক নিচে সজোরে আঘাত করে।
আঘাত পাওয়ার পরপরই যন্ত্রণায় কাতরাতে থাকা আম্পায়ার পিচে বসে পড়েন। মাঠের পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এবং খেলোয়াড়রা দ্রুত তার দিকে ছুটে যান। ঘটনার আকস্মিকতায় ব্যাটার লক্ষ্য থারেজাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। প্রাথমিকভাবে আঘাতের তীব্রতা পুরোপুরি বোঝা না গেলেও সময়ের সাথে সাথে ধর্মেশ ভরদ্বাজের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাকে দ্রুত দিল্লির একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।































