বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটাধিকার প্রয়োগের সুযোগ রয়েছে। জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য থাকায় ভোটার সংখ্যা ৩৪৯ জনে দাঁড়িয়েছে। তবে মির্জা আব্বাসের অনুপস্থিতির কারণে কার্যকর ভোটার সংখ্যা আরও একজন কমছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থতাজনিত কারণে বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তিনি নির্বাচনে ভোট দিতে পারছেন না। বিষয়টি নিশ্চিত করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, ভোট দিতে না পারার বিষয়ে মির্জা আব্বাস স্পিকারকে চিঠি দিয়ে অবহিত করেছেন।
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এবারই দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে সংসদ সদস্যরা ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সূত্র: যুগান্তর





























