নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন।
উদ্ধারের পর সন্ধ্যায় দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর শিমুল জানান, দুটি শিশুকে আড়াইহাজার ও অন্য দুটি শিশুকে ক্লিনিকে নেয়া হয়েছিল এবং হাসপাতালে আনার আগেই শিশুগুলো মারা গেছে।






























