তুরস্কের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের কর্মীবাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, চিপ প্রযুক্তি এবং উন্নত কম্পিউটার সিস্টেমের মতো কৌশলগত ক্ষেত্রগুলোতে দক্ষ জনবল গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রাথমিক পর্যায়ে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ৫৫০ জন ডক্টরেট শিক্ষার্থীকে বাছাই করা হবে এবং তাদের ২০টি গবেষণা বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এরদোয়ান জানান, এই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে প্রায় ৩,০০০ তরুণ গবেষককে তুরস্কের বিজ্ঞান ও প্রযুক্তি ইকোসিস্টেমে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির শক্তি এবং তরুণ প্রজন্মের হাত ধরেই ‘তুরস্কের শতাব্দী’ গড়ে তোলা হবে। একটি শক্তিশালী ও স্বনির্ভর তুরস্ক গড়ার লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাবেন, যারা ভবিষ্যতের প্রযুক্তি উদ্ভাবন ও বিশ্বের কাছে উপস্থাপন করবে।
এই উদ্যোগটি তুরস্কের ২০২৬-২০৩০ সালের কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মপরিকল্পনার অংশ। এই কর্মপরিকল্পনার মূল উদ্দেশ্য হলো দেশের প্রযুক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা এবং তুরস্ককে একটি বৈশ্বিক এআই কেন্দ্রে পরিণত করা। নতুন এই পরিকল্পনায় আগামী দুই বছরের মধ্যে ১০,০০০ উচ্চপর্যায়ের এআই বিশেষজ্ঞ এবং ১,০০,০০০ অ্যাপ্লিকেশন পেশাদার প্রশিক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া দেশের ৮১টি প্রদেশের ৫০ লাখ মানুষকে এআই সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
এই রোডম্যাপের আওতায় স্বাস্থ্য, জ্বালানি এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের মতো বিভিন্ন খাতে পাইলট প্রোগ্রামের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টারে অন্তত ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যও রয়েছে।































