ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো ইতালীয় ফুটবলে তার এক অদ্ভুত ও নতুন অধ্যায় শুরু করতে রাভেনায় পৌঁছেছেন। ফোরলি বিমানবন্দরে অবতরণের পর তিনি রোমাগনা শহরের এই ক্লাবে যোগ দেন, যা সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবটির সবচেয়ে চমকপ্রদ সাইনিং হিসেবে বিবেচিত হচ্ছে।
কোরিরে দেল্লো স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, রোনালদিনহোকে এই চুক্তিতে রাজি করানোর মূল কারণ ছিল বন্ধুত্ব এবং আবেগ। ক্লাব সভাপতি ইগনাজিও সিপ্রিয়ানি এই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এই ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এসি মিলানের সাবেক স্পোর্টিং ডিরেক্টর আরিডো ব্রাইদা রয়েছেন।
নতুন ক্লাবে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদিনহো বলেন, আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। বন্ধুদের সঙ্গে আছি এবং আশা করছি দলের জন্য সবকিছু ভালো হবে। আমি এখানে এসেছি সাহায্য করতে, অন্য খেলোয়াড়দের উজ্জীবিত করতে এবং একটি দারুণ মৌসুম কাটিয়ে শিরোপা জিততে।
ইতালিতে নিজের আগের সময়কাল বা এসি মিলানে খেলার স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, ইতালিতে আমার অনেক ভালো মুহূর্ত ছিল, তবে মিলান ডার্বিতে করা গোলটি আমার স্মৃতিতে সবচেয়ে বেশি আনন্দের জায়গা দখল করে আছে।


























