মন্ত্রিসভায় নতুন করে কমপক্ষে আরও চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হতে পারেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। নতুন এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ইতিমধ্যে ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
জানা গেছে, বিএনপি নেতা আবদুল মঈন খান ও জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ছাড়াও মন্ত্রিসভায় মোট চারজন নতুন সদস্য যুক্ত হতে পারেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভার আকার ছিল ৫০ জনের। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। আজ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নিলে মন্ত্রিসভার আকার আরও বৃদ্ধি পাবে।






























