রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে নামাজ আদায়ের পর তিনি জিয়া স্মৃতি কমপ্লেক্সে যান।
সেখানে পৌঁছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুস্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন। এই সময় নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী।
সমাধি কমপ্লেক্সের নিরাপত্তাবেষ্টনীর বাইরে অবস্থানরত দলের নেতা-কর্মী ও সমর্থকরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও বহুবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে এই সমাধি কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদন করেছেন।






























