কানাডার প্রায় ২ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে তিন দিন ধরে দুই দেশের বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলার পরও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে এই ঘোষণা এলো।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই দেশের আলোচকদের জন্য শুক্রবার স্থানীয় সময় রাত ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর উভয় পক্ষের কর্মকর্তারা জানান যে, তারা কোনো চুক্তিতে উপনীত হতে পারেননি।
এই নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তার দেশও যুক্তরাষ্ট্রের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করবে। এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের সেরা বাণিজ্য চুক্তি অর্জনের ক্ষেত্রে কানাডা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করলেও, কানাডাবাসীর স্বার্থ রক্ষায় সেই অগ্রগতি যথেষ্ট ছিল না।
এদিকে, চুক্তি না হওয়ার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার কানাডাকে দায়ী করেছেন। তিনি দাবি করেন, এই সপ্তাহের শুরুতে যেসব শর্তে দুই পক্ষ সম্মত হয়েছিল, তার ভিত্তিতে চুক্তি চূড়ান্ত করতে কানাডা রাজি হয়নি। তিনি আরও বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের একটি সুযোগ হাতছাড়া করেছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক কানাডা থেকে রপ্তানি হওয়া মোট পণ্যের প্রায় ৫ শতাংশের ওপর প্রভাব ফেলবে। শুল্কের আওতাভুক্ত পণ্যের মধ্যে রয়েছে ইলেকট্রনিক পণ্য, শিল্পযন্ত্র ও দুগ্ধজাত পণ্য।


























