সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। শনিবার (২২ আগস্ট) বিএফএ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ডিলারদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন এবং গুদামে মজুদ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তাদের সারের আগমনি বার্তা প্রদান, যথাযথভাবে বিক্রয় রেজিস্টার সংরক্ষণ এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রি রোধে নিয়মিত তদারকি করার নির্দেশ দিয়েছে সংগঠনটি।
বিএফএ স্পষ্ট করে জানিয়েছে, কোনো ডিলার নীতিমালা লঙ্ঘন করলে তার ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, কোনো কুচক্রী মহল যাতে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায় ডিলারদের ওপর চাপাতে না পারে, সে বিষয়েও ডিলারদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দিয়েছে বিএফএ।




























