প্রতিকূল আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের আশঙ্কায় আবুধাবি সিটি মিউনিসিপ্যালিটি শুক্রবার থেকে শহরের সব উদ্যান, বিনোদন পার্ক এবং সংশ্লিষ্ট সৈকতগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। জননিরাপত্তার কথা বিবেচনা করে সব ধরনের অনুষ্ঠান স্থগিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, শনিবার খাতম আল শাকলা সড়ক এবং আল আইন ও ফুজাইরাহ অঞ্চলের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বানি ইয়াস এবং আবুধাবির উপকণ্ঠের এলাকাগুলোতেও একই ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির কারণে সড়কগুলোতে সতর্কতা অবলম্বন করতে চালকদের পরামর্শ দিয়েছে আবুধাবি পুলিশ। বিশেষ করে আল আইন অঞ্চলের বু ক্রাইয়াহ-উম্ম আজ জুমুল সড়কে গতিসীমা কমিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে। চালকদের ইলেকট্রনিক সাইনবোর্ড ও নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রোববার আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে পূর্ব দিকে মেঘের আনাগোনা দেখা দিতে পারে এবং উপকূলীয় এলাকায় রাতে ও সোমবার সকালে আর্দ্রতা বাড়তে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার হতে পারে, যা দমকা হাওয়ার সময় ৩৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আরব উপসাগর ও ওমান সাগরে সমুদ্রের অবস্থা শান্ত থাকবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ টুডে






























