মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের একটি সোনার খনি ধসে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর পর খনিটি বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। খনি পরিচালনায় প্রয়োজনীয় নিয়মকানুন ও সরকারি নির্দেশনা না মানার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
দেশটির খনি ও ভূতত্ত্ব মন্ত্রী রুফিন বেনাম বেলতুঙ্গু দেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত জাম্বোয়ে নামক খনিটি বন্ধের ঘোষণা দেন। তিনি জানান, খনি সুরক্ষার নিয়মকানুন অমান্য করা এবং প্রশাসনিক নির্দেশনা অবজ্ঞা করার কারণে খনিটি বন্ধ করা হয়েছে। খনি ধসের এই ভয়াবহ ঘটনার তদন্ত এখনো চলছে বলে তিনি উল্লেখ করেন।
এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন খনি শ্রমিক আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় শ্রমিকরা উদ্ধারকাজ শুরু করলেও প্রয়োজনীয় দক্ষতা ও আধুনিক যন্ত্রপাতির অভাবে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হয়। জানা গেছে, এই দুর্ঘটনার আগেই জাম্বোয়ে খনিটি সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ খনি শ্রমিকরা সেখানে কাজ চালিয়ে যাচ্ছিলেন।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাভাবিক ও যৌক্তিক বলে মনে করছেন দেশটির নাগরিক সমাজের প্রতিনিধিরা। 'আই গোয়ে' (I Gwe) নামক একটি নাগরিক সংগঠনের নেতা কোয়েন্টিন এনগবুয়ান্দো বলেন, মন্ত্রীর এই সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত স্বাভাবিক এবং যৌক্তিক। তবে এই অবৈধ খনি শ্রমিকরা আইনি কাঠামোর বাইরে গিয়ে সেখানে খনির কাজ চালাচ্ছিলেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল।






























