রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো দলে জুড বেলিংহামের জন্য সবচেয়ে কার্যকর পজিশনটি খুঁজে পেয়েছেন বলে জানা গেছে। পর্তুগিজ এই মাস্টারমাইন্ড চলতি মৌসুমে ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডারকে আরও আক্রমণাত্মক ভূমিকায়, সরাসরি ফরোয়ার্ডদের পেছনে খেলানোর পরিকল্পনা করছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাত দিয়ে মাদ্রিদ ইউনিভার্সাল জানিয়েছে, মরিনহো মনে করেন বেলিংহামকে মাঠের গভীরে খেলানোর চেয়ে 'নম্বর ১০' পজিশনে খেলালে তিনি অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন। রিয়াল কোচের মতে, ২৩ বছর বয়সী এই ফুটবলারকে ঐতিহ্যবাহী 'নম্বর ৬' পজিশনে ব্যবহার করলে তার খেলার প্রভাব সীমিত হয়ে পড়ে এবং প্রতিপক্ষের রক্ষণভাগে তার কার্যকারিতা কমে যায়।
এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো বেলিংহামকে অতিরিক্ত রক্ষণাত্মক দায়িত্ব থেকে মুক্তি দেওয়া। এর ফলে তিনি প্রতিপক্ষের ডি-বক্সের কাছাকাছি থেকে খেলার স্বাধীনতা পাবেন এবং ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপের মতো তারকাদের সঙ্গে সমন্বয় করে গোল করার পাশাপাশি সুযোগ তৈরি করতে পারবেন।
মরিনহোর এই নতুন কৌশলের প্রতিফলন দেখা গেছে গত ২২ আগস্ট (শনিবার) এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের লা লিগার উদ্বোধনী ম্যাচে। সেই ম্যাচে বেলিংহাম আক্রমণাত্মক পজিশনে খেলে দুর্দান্ত পারফর্ম করেন। তার চমৎকার রান, শারীরিক শক্তি এবং গোল করার সহজাত ক্ষমতা রিয়ালের আক্রমণে নতুন মাত্রা যোগ করেছিল। ম্যাচের ৯ম মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন এই ইংলিশ মিডফিল্ডার। প্রথমার্ধের আগেই এস্পানিওল সমতা ফেরালেও, ম্যাচের ইনজুরি টাইমে কার্লোস এসপির গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মরিনহোর দল।
এস্পানিওলের বিপক্ষে এই কষ্টার্জিত জয়ের মাধ্যমে ২০২৬-২৭ লা লিগা মৌসুমের শুভসূচনা করল রিয়াল মাদ্রিদ। মরিনহোর নতুন রূপের এই দলটি সামনের ম্যাচগুলোতেও পূর্ণ পয়েন্ট তুলে নিতে মুখিয়ে আছে। আগামী ২৬ আগস্ট (বুধবার) সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে তারা। এরপর ৩০ আগস্ট (রবিবার) মালাগার বিপক্ষে খেলবে রিয়াল। পরবর্তী চতুর্থ ও পঞ্চম ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে রিয়াল বেটিস ও রায়ো ভালেকানো।
লিগ ম্যাচের পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দিকেও নজর রাখছে মরিনহোর দল, যা আগামী মাসে শুরু হতে যাচ্ছে। আগামী ২৭ আগস্ট মোনাকোর গ্রিমাল্ডি ফোরামে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। গত মৌসুম ট্রফিহীন কাটানোর পর, এবার ট্রফি জয়ের লড়াইয়ে ফিরতে মরিয়া রিয়াল মাদ্রিদ। ক্লাবটিকে স্প্যানিশ ও ইউরোপীয় ফুটবলের শীর্ষে ফিরিয়ে নেওয়ার গুরুদায়িত্ব এখন জোসে মরিনহোর কাঁধে।






























