দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৮৩৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, যেখানে সংখ্যাটি ১৫৯ জন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন, বরিশাল বিভাগে ১১৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে ময়মনসিংহে ৭৯ জন, রাজশাহীতে ৭১ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন করে ৫ জনের মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৯২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ জন রোগী।





























