শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এর আগে গত ১৮ জুন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তখন তিনি উল্লেখ করেছিলেন যে, সরকার শিক্ষার প্রতিটি স্তরে সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ সুসংহত করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। শিক্ষার বিভিন্ন স্তরে এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ভিত্তি আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ





























