চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই নির্বাচনগুলো আয়োজনের জন্য জাতীয় বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সামনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহেই নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণের বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ইসির সঙ্গে আলোচনার পর মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত ব্রিফিং করবে।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্কের সহায়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। প্রতিমন্ত্রী জানান, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করতে ডেনমার্ক সহযোগিতা করবে। বিশেষ করে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ শেষ করতে দেশটি সহায়তা দেবে। ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের জন্য ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে পাওয়া যাবে এবং বাকি ৩ হাজার কোটি টাকা সরকার আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে, যার ফলে সরকারের ওপর আর্থিক চাপ পড়বে না।
এই প্রকল্প বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে দৈনিক ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এছাড়া বৈঠকে ডেনমার্ক রোহিঙ্গাদের সহায়তার জন্য ১০০ কোটি টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বলেও প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন।


























