সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে বাধা দেওয়ার মতো কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরার সময় তিনি এ কথা বলেন।
কনসার্ট বন্ধের বিষয়ে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কোনো কনসার্ট বাতিল হওয়ার অর্থ এই নয় যে সরকার এতে সহযোগিতা করছে না। অনেক ক্ষেত্রে নিরাপত্তার ইস্যু থাকতে পারে। বর্তমানে বাংলাদেশে বড় বড় অনেক কনসার্ট আয়োজিত হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার মতো কোনো চিন্তা সরকার শেয়ার করে না।
একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে এ ধরনের ঘটনায় নাটকীয়ভাবে উন্নতি হয়েছে। তিনি বলেন, ৫ আগস্ট–পরবর্তী বাংলাদেশের পরিস্থিতির তুলনায় বর্তমান সময়ে এ ধরনের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে তিনি অস্বীকার করেননি যে, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে না, তা নয়।
সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী ও উপদেষ্টা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।






























