অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ইসরায়েলের চ্যানেল ১২-এর বরাত দিয়ে জানা গেছে, মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের উপদেষ্টা এবং পেশাদার দল নিয়ে গঠিত এই প্রতিনিধি দল এক বৈঠকে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি দিয়েছে।
বৈঠকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাকে মার্কিন প্রতিনিধি দল স্পষ্ট ভাষায় বলে, যখন পুরো বিশ্ব আপনাদের বিপক্ষে, তখন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা সব উপায়ে আপনাদের রক্ষা করছি। কিন্তু এর জবাবে আপনাদের আচরণ সহিংসতা, লুটপাট এবং ফিলিস্তিনিদের ক্ষতি করার চেষ্টা হতে পারে না।
মার্কিন প্রতিনিধি দল সতর্ক করে দিয়ে আরও বলে যে, এই ধরনের সহিংস কর্মকাণ্ড চলতে দিলে ওয়াশিংটনের সমর্থনকে যেন তারা চিরস্থায়ী মনে না করে। তারা বলে, আপনারা যখন এসব কর্মকাণ্ড চলতে দিচ্ছেন, তখন মার্কিন সমর্থনকে নিশ্চিত বলে ধরে নেবেন না। এটি আপনাদের ওপরই বিপরীত প্রভাব ফেলবে। আপনারা নিজেরা কেন এটি বুঝতে পারছেন না?
চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই কড়া বার্তার পর সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি নিরাপত্তা বৈঠক করেছেন। মার্কিন অনুরোধে আয়োজিত এই বৈঠকে চিফ অব স্টাফ ইয়াল জামির এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেখানে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে আলোচনা করা হয়।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং ইসরায়েলি সামরিক অভিযান নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত অবৈধ বসতি স্থাপনকারীরা ২৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে ৬১ জন এবং ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ৮৭ জন ফিলিস্তিনি তাদের হাতে প্রাণ হারিয়েছেন। এই হত্যাকাণ্ডের বেশিরভাগই ঘটেছে রামাল্লাহ, আল-বিরেহ এবং নাবলুস গভর্নরেটে।
কমিশন আরও জানিয়েছে, ২০২৬ সালের প্রথমার্ধেই অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরজুড়ে ৩,৪৮৮টি হামলা চালিয়েছে, যার ফলে ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলার কারণে ২৬টি বেদুইন ও পশুপালক সম্প্রদায় সম্পূর্ণ বা আংশিকভাবে বাস্তুচ্যুত হয়েছে। একই সময়ে অবৈধ বসতি স্থাপনকারীরা ৪২টি নতুন অবৈধ বসতি বা আউটপোস্ট তৈরি করেছে, যার বেশিরভাগই পশুপালনের জন্য ব্যবহৃত হচ্ছে। ফিলিস্তিনি ও ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে অধিকৃত পূর্ব জেরুজালেমসহ সমগ্র পশ্চিম তীরের ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি আউটপোস্টে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছে, যারা ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের উদ্দেশ্যে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে।































