উচ্চমানের গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৭ জন শিক্ষক ও গবেষককে 'কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৬' প্রদান করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্বব্যাপী শীর্ষ ২ শতাংশ কিউ-ওয়ান (Q1) জার্নালে গবেষণা প্রকাশের জন্য তারা 'টপ ২% ব্র্যাকইউ রিসার্চার' হিসেবে সম্মানিত হয়েছেন। গত ২৫ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে টানা তৃতীয়বারের মতো এই পুরস্কারের আয়োজন করা হয়।
এ বছর ব্র্যাক ইউনিভার্সিটির ২২৮টি কিউ-ওয়ান জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধ এই পুরস্কারের আওতায় এসেছে, যা গত বছরের ১৪৫টির তুলনায় প্রায় ৫৭ শতাংশ বেশি। এর মধ্যে ১২৪টি গবেষণা নিবন্ধ নিজ নিজ বিষয়ের বিশ্বব্যাপী শীর্ষ ১০ শতাংশ জার্নালে প্রকাশিত হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা ক্ষুদ্রঋণের সুদের হার, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ব্যয় হ্রাস, তৈরি পোশাক খাতের মজুরি পর্যালোচনা এবং আইসিটি ও জনস্বাস্থ্য বিষয়ক সামাজিক ও বৈশ্বিক সমস্যার সমাধানধর্মী নীতি নির্ধারণী বিষয়ে গবেষণা পরিচালনা করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। তিনি মানসম্মত গবেষণার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ব্র্যাক ইউনিভার্সিটির প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাসুমা হাবীব বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও পাঠদানকে পাশাপাশি এগিয়ে নিতে হবে এবং শিক্ষার্থীদের নতুন জ্ঞান তৈরির কাজে সম্পৃক্ত করতে হবে।
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, আমাদের কাছে ব্র্যাকের জ্ঞান ও অভিজ্ঞতার বিশাল ভাণ্ডার রয়েছে। তিনি অর্জিত জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিতে গবেষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন। সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসের ডিরেক্টর প্রফেসর মলয় কান্তি মৃধার তথ্যমতে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে প্রকাশিত মোট ২১,৯১৯টি গবেষণা প্রকাশনার মধ্যে প্রায় ৪.১ শতাংশে ব্র্যাক ইউনিভার্সিটির গবেষকদের অবদান ছিল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর সাদিয়া হামিদ কাজী এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন ড. লরা জে রাইখেনবাখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্টার ড. ডেভিড ডাউল্যান্ড এবং সমাপনী বক্তব্য দেন রিসার্চ মেট্রিক্স কমিটির চেয়ারম্যান প্রফেসর এ কে এম আবদুল মালেক আজাদ। এ সময় ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস এএফএম ইউসুফ হায়দারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






























