নেপালে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও সেদেশের জনগণের প্রতি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আমাদের চিন্তা ও প্রার্থনা সেইসব পরিবার ও মানুষের সাথে রয়েছে, যারা এই অপূরণীয় ক্ষতি বহন করছেন। প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ নেপালের পাশে আছে উল্লেখ করে তিনি জানান, দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে। এছাড়া বন্যায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, বুধবার রাত পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২৮ জন পুলিশ সদস্যও অন্তর্ভুক্ত। তিব্বত সীমান্তবর্তী পার্বত্য এলাকায় আকস্মিক বন্যার ফলে একের পর এক গ্রাম ভেসে যাওয়ার পাশাপাশি সড়ক, সেতু ও বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যার পর প্রায় ৪০৩ জন পর্যটকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। নিখোঁজ বিদেশিদের তালিকায় ভারতের ১৪২ জন নাগরিক ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন। বর্তমানে দুর্গত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।





























