বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার পাঁচটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী জানান, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ইতিমধ্যে ৩০টি কূপ খনন সম্পন্ন হয়েছে, যা জাতীয় গ্রিডে ১৪০ এমএমসিএফডি গ্যাস যুক্ত করেছে। বর্তমানে চলমান ৭টি কূপের কাজ শেষ হলে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস পাওয়া যাবে। এছাড়া গ্যাসের উৎস অনুসন্ধানে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার টু-ডি এবং ৪ হাজার ২০০ বর্গ কিলোমিটার থ্রি-ডি সাইসমিক জরিপের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাপেক্সকে শক্তিশালী করতে দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়াও চলমান রয়েছে।
গ্যাস অনুসন্ধানে পিএসসি ও বিডিংয়ের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, অফশোর মডেল পিএসসি ২০২৬ অনুমোদনের পর বিড রাউন্ড আহ্বান করা হয়েছে এবং অনশোর মডেল পিএসসি অনুমোদনের প্রক্রিয়া চলছে। এলএনজি অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনাল স্থাপনের জন্য নেগোসিয়েশন চলছে, যা ডিসেম্বর ২০২৮ সাল থেকে ৬০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করতে পারবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পায়রা বা মোংলা বন্দর এলাকায় নতুন টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ সৌর বিদ্যুৎ স্থাপনের প্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক ও কর অব্যাহতি দেওয়া হয়েছে। রুফটপ সোলার ব্যবহারে উৎসাহিত করতে আগামী ৬ মাসের মধ্যে যারা এটি স্থাপন করবেন, তাদের গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০.১৫ টাকা দরে সরকার কিনবে। সরকারি বিভিন্ন ভবনে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য জাতীয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে ইতিমধ্যে তা বাস্তবায়ন করা হয়েছে।
এছাড়া সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ও সনদ স্বীকৃতির বিষয়ে জানান। তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের আইন অনুযায়ী ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে। গত ২৩ জুন সংশোধিত নীতিমালা অনুযায়ী সহকারী মৌলভী ও ইবতেদায়ী ক্বারী পদে নিয়োগের ক্ষেত্রে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদের স্বীকৃতি প্রদান করা হয়েছে।



























