বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স গ্রাউন্ড-২ এ অনুষ্ঠিত দিলীপ ট্রফি ২০২৬-এর সেমিফাইনালে নর্থ জোনকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সাউথ জোন। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও অধিনায়ক তিলক ভার্মা অপরাজিত ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।
চতুর্থ দিনের শুরুতে নর্থ জোন তাদের আগের দিনের ২৫৬/৭ স্কোরের সাথে আরও ৪১ রান যোগ করে। এমডি নিধেশের তোপে নর্থ জোনের ইনিংস ২৯৭ রানে গুটিয়ে যায়। নিধেশ ম্যাচে পাঁচ উইকেট শিকার করেন। নর্থ জোনের হয়ে অংশুল কাম্বোজ ৩৬ রান করেন এবং নিশান্ত সিন্ধু ৩৫ রানে অপরাজিত থাকেন।
১৮১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সাউথ জোন রিকি ভুই এবং নারায়ণ জগদীশানের ৬৪ রানের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পায়। রিকি ভুই ৪২ রান করে আউট হলেও, জগদীশান ৪৩ রান সংগ্রহ করেন। এরপর তিলক ভার্মা এবং আর স্মরণ অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তিলক তার অর্ধশতক পূর্ণ করেন জয়সূচক বাউন্ডারি হাঁকিয়ে।
সাউথ জোনের এই জয়ের পেছনে প্রথম ইনিংসে তিলক ভার্মার অপরাজিত ১১৬ এবং শ্রেয়াস গোপালের ৮৭ রানের জুটি বড় ভূমিকা রেখেছিল, যা তাদের প্রথম ইনিংসে ১১৭ রানের লিড এনে দেয়। নর্থ জোনের হয়ে সনাত সংওয়ান ৭৬ এবং আয়ুষ দোজেরা ৫২ রান করলেও শেষ পর্যন্ত তারা ম্যাচ বাঁচাতে ব্যর্থ হয়।
উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ইস্ট জোনের মুখোমুখি হবে সাউথ জোন। ইস্ট জোন তাদের সেমিফাইনালে সেন্ট্রাল জোনকে চার উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে।
























