সাতক্ষীরার শ্যামনগরে একটি মুরগির ঘর থেকে ৮ থেকে ১০ ফুট লম্বা ও প্রায় ২৫ থেকে ৩০ কেজি ওজনের একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনসংলগ্ন নীলডুমুর এলাকায় বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা অভিযান চালিয়ে সাপটিকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে আসে এবং নীলডুমুর এলাকার মুক্তার গাজীর মুরগির ঘরে আশ্রয় নেয়। বাড়ির মালিক জানান, অজগরটি ওই ঘরে থাকা ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলেছে। বুধবার সকাল ৯টার দিকে মুরগিগুলো ঘর থেকে বাইরে না আসায় মালিকের সন্দেহ হয়। পরে টর্চের আলোয় ঘরের ভেতরে বিশাল আকৃতির সাপটি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে বন বিভাগ ও সিপিজি সদস্যদের খবর দেন।
ঘটনার বিবরণ দিয়ে মুক্তার গাজী বলেন, রাতে অজগরটি আমার মুরগির ঘরে ঢুকে পড়েছিল। সকালে দেখি মুরগিগুলো ঘর থেকে বের হচ্ছে না। পরে টর্চ জ্বালিয়ে ভেতরে তাকিয়ে বিশাল আকৃতির একটি অজগর দেখতে পাই। এরপরই বন বিভাগ ও সিপিজির সদস্যদের খবর দিই।
খবর পেয়ে বন বিভাগের সদস্য ও সিপিজির একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় সাপটিকে নিরাপদে উদ্ধার করে। পরে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি বনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খাদ্যের সন্ধানে কিংবা প্রাকৃতিক পরিবেশ পরিবর্তনের কারণে বন্যপ্রাণী মাঝেমধ্যে লোকালয়ের কাছাকাছি চলে আসে। এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে স্থানীয়দের বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
































