মিশরের সিনাই উপদ্বীপে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার দক্ষিণ সিনাই প্রদেশের দাহাব ও নুইবা পর্যটন শহরকে সংযোগকারী সড়কে যাত্রীবাহী বাসটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। মিশর ও জর্ডান উভয় দেশের কর্তৃপক্ষই এই তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল এবং হতাহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে নিহতদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে জর্ডানি নাগরিকরাও রয়েছেন, তবে তারা সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি। আম্মানভিত্তিক আল-মামলাকা গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনায় ১০ জন জর্ডানি নিহত হয়েছেন। বাসটি কায়রো থেকে আম্মান যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ সম্পর্কে সরকারিভাবে বিস্তারিত কিছু না জানানো হলেও, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে বাসটির একটি টায়ার ফেটে যাওয়ায় সেটি উল্টে যায়।
মিশরে সড়ক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় প্রায় প্রতি বছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। অতিরিক্ত গতি, বেহাল রাস্তা এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না করাকে এই ধরনের দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। এর আগে গত জানুয়ারিতে বেনি সুয়েফ প্রদেশের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছিলেন।






























