এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসান তার পদত্যাগের সিদ্ধান্তটি জানান। সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনের সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে। এখন থেকে জাহিদ আহসানের স্থলে আহসান লাবিব ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।
































