ত্রিদেশীয় সিরিজের রোমাঞ্চকর ম্যাচে নামিবিয়াকে ১১ রানে হারিয়ে সাউথ আফ্রিকা নিজেদের ফাইনালের জায়গা নিশ্চিত করেছে। ২২৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়া শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২১৭ রান তুলতে সক্ষম হয়। এই জয়ের ফলে আগামী রবিবার ট্রফির লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা।
ম্যাচে সাউথ আফ্রিকার ইনিংসের মূল কারিগর ছিলেন লিয়ান-ড্রে প্রিটোরিয়াস। তিনি ৫৩ বলে ১০১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন, যার মাধ্যমে তিনি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান (২০ বছর ১৬১ দিন) হওয়ার গৌরব অর্জন করেন। তার পাশাপাশি কনর এস্টারহুইজেন ৪০ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেললে সাউথ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ২২৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। এস্টারহুইজেন ইনিংসজুড়ে ৮টি ছক্কা ও ৬টি চার মারেন। এছাড়া নামিবিয়ার বোলারদের মধ্যে জান বাল্ট ৩১ রানে ২ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়া দুর্দান্ত শুরু করেছিল। ওপেনার জান ফ্রাইলিঙ্ক ৩৬ বলে ৭২ এবং লরেন স্টিনক্যাম্প ৪৪ বলে ৬১ রান করে জয়ের আশা জাগিয়েছিলেন। এই জুটি ১১ ওভারের মধ্যেই ১১৯ রান তুলে ফেলে। ফ্রাইলিঙ্ক আন্দিলে সিমেলেয়ানের বলে আউট হওয়ার পর কিছুটা চাপে পড়লেও গেরহার্ড ইরাসমাস ২৬ বলে ৩০ রান করে দলকে লড়াইয়ে রাখেন। শেষ দিকে রুবেন ট্রাম্পেলম্যান ১০ বলে ২১ রানের ক্যামিও খেললেও শেষ রক্ষা হয়নি। শেষ দুই ওভারে নামিবিয়ার প্রয়োজন ছিল ৩৭ রান, তবে তারা লক্ষ্য থেকে ১২ রান দূরে থেকে ম্যাচ শেষ করে।
সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে এনকোবানি মোকোয়েনা ৪৩ রানে ২ উইকেট শিকার করেন। এই জয়ের ফলে সাউথ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত হলো।



























