দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৩ জন ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৬ জন। অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ৩৩৪ জন, চট্টগ্রামে ১৬৯ জন, বরিশালে ১৩৭ জন, রাজশাহীতে ১১২ জন, ময়মনসিংহে ৮৪ জন, রংপুরে ৫৫ জন এবং সিলেটে নয়জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ৪২ হাজার ৫৯০ জন। তাদের মধ্যে ৩৯ হাজার ৪৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৯৯৪ জন ডেঙ্গু রোগী।




























