দেশে চলমান গ্যাস ও জ্বালানি সংকটের পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের অদূরদর্শিতা, ‘আত্মঘাতী নীতি’ ও স্বার্থান্বেষী রাজনীতিকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, নিজেদের অনুগত ধনকুবেরদের সুবিধা দিতে গিয়ে বিগত সরকার বিদেশনির্ভর জ্বালানি নীতি গ্রহণ করেছিল এবং দেশীয় গ্যাস অনুসন্ধানে কোনো নজর দেয়নি।
সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬৮ বিধিতে উত্থাপিত একটি নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে আনা বিভিন্ন প্রস্তাবের জবাব দেন তিনি। অধিবেশনের এই অংশে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মূলে রয়েছে আগের সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা। দেশীয় উৎস থেকে জ্বালানি অনুসন্ধানের পরিবর্তে আওয়ামী লীগ সরকার বিদেশের ওপর নির্ভরশীল নীতি গ্রহণ করায় দেশের জ্বালানি খাত দুর্বল হয়ে পড়েছে। তবে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই সংকট কাটিয়ে উঠতে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান।
বিশ্ববাজারের পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর আন্তর্জাতিক অঙ্গনে গালফ যুদ্ধের মতো সংকট তৈরি হয়, যার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দামে চরম অস্থিরতা দেখা দেয়। তা সত্ত্বেও কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বোরো মৌসুমে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে গত ১৪ এপ্রিল পর্যন্ত জ্বালানি তেলের দাম এক পয়সাও বাড়ানো হয়নি।
পরবর্তী সময়ে সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধ করতে এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম সহনীয় পর্যায়ে পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে সাধারণ মানুষের আর্থিক চাপ কমানোর জন্য সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।



























