দক্ষিণ কোরিয়া যদি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোনো যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তবে তেহরান দেশটিকে শত্রু হিসেবে বিবেচনা করবে। এই সতর্কবার্তা দিয়েছেন ইরানি শিক্ষাবিদ মোহাম্মদ মারানদি। লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিনের ‘দ্য গ্র্যান্ড স্ট্যান্ডঅফ’ অনুষ্ঠানে তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচল নির্বিঘ্ন করার মার্কিন প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়া যোগ দিলে ওই অঞ্চলে দেশটির সম্পদ ও স্থাপনা ইরানের পাল্টা হামলার ঝুঁকিতে পড়বে।
মারানদি আরও বলেন, ইরান কেবল সামরিক স্থাপনা নয়, বরং সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে থাকা দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম। তিনি স্পষ্টভাবে বলেন, ইরানের সামনে কোরীয়রা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং তেহরান তাদের বড় ধরনের ক্ষতি করতে সক্ষম। দক্ষিণ কোরিয়ার সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ার একটি-দুটি জাহাজ কী-ই বা করতে পারবে? এটা নিছকই বোকামি।’
হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়া তাদের জ্বালানি চাহিদার জন্য এই জলপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। গত বছর দেশটির আমদানিকৃত অপরিশোধিত তেলের ৬১ শতাংশ এবং ন্যাফথার ৫৪ শতাংশ এই রুট দিয়েই এসেছে। ন্যাফথা হলো পেট্রোলিয়াম শোধনের সময় পাওয়া এক ধরনের হালকা হাইড্রোকার্বন, যা পেট্রোকেমিক্যাল শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিউল হরমুজ প্রণালিতে নিজেদের নৌবাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সামরিক সহায়তার বিষয়ে সরাসরি অংশগ্রহণ, যুদ্ধবহির্ভূত ভূমিকা কিংবা অনুসন্ধান অভিযানের মতো বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। দেশটির সংবাদমাধ্যমের দাবি, সিউল সেখানে সামরিক সরঞ্জাম ও সক্ষমতা পাঠানোর জন্য পার্লামেন্টের অনুমোদন নেওয়ার পরিকল্পনা করছে। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে পি-৮ পোসেইডন সামুদ্রিক টহল বিমান, রসদ সরবরাহের জাহাজ এবং নৌবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল পাঠানো অন্তর্ভুক্ত থাকতে পারে।
তবে কোনো সামরিক সদস্য মোতায়েনের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের পর্যালোচনা, মন্ত্রিসভার প্রস্তাব এবং সবশেষে জাতীয় পরিষদের অনুমোদনের প্রয়োজন হবে। ২০১৯ সালে ওয়াশিংটনের চাপে সিউল সোমালিয়া থেকে জলদস্যুবিরোধী ইউনিটের মোতায়েন হরমুজ প্রণালির আশপাশে বাড়িয়েছিল। তবে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ওই ইউনিটের দায়িত্বে বড় কোনো পরিবর্তন আনতে সংসদের অনুমোদন লাগবে। এদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলের কঠোর সমালোচনা করেছেন, যা যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া জোটের টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলেছে।





























