ইউএস ওপেনে আরও একটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন চীনা টেনিস তারকা ঝেং কিনওয়েন। প্রথম সেটে ০-৫ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পোলিশ তারকা ইগা শিয়াতেককে স্তব্ধ করে দিলেন তিনি। সাবেক বিশ্ব নম্বর চার এবং বর্তমানে ১২১তম স্থানে থাকা এই চীনা তারকা গত বছর কনুইয়ের অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।
এর আগের ম্যাচে ম্যাডিসন কিসের বিপক্ষেও শেষ সাতটি গেম জিতে চমক দেখিয়েছিলেন ঝেং। এবার শিয়াতেকের বিপক্ষেও প্রথম সেটে ৫-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর একইভাবে টানা সাতটি গেম জিতে নেন তিনি। এরপর দ্বিতীয় সেটে পোলিশ তারকাকে দুবার ব্রেক করে জয় নিশ্চিত করেন এই চীনা তারকা, যাকে দুই বছর আগে প্যারিস অলিম্পিকের স্বর্ণপদকের লড়াইয়েও হারিয়েছিলেন তিনি।
ম্যাচ শেষে নিজের মন্থর শুরু নিয়ে ঝেং বলেন, "আমি ম্যাচটি খুব ধীরগতিতে শুরু করেছিলাম, যার কারণে ও ৫-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। এরপর আমি কিছুটা মুক্তভাবে খেলতে শুরু করি, কারণ অন্তত দ্বিতীয় সেটের জন্য হলেও নিজের ছন্দ ফিরে পাওয়া দরকার ছিল। আমি আজ এমন কিছুর আশা করিনি, কিন্তু কোনোভাবে এটি আবারও ঘটে গেল।"
ছন্দ ফিরে পাওয়ার পর ঝেং খেলায় এতটাই মগ্ন ছিলেন যে একপর্যায়ে স্কোরের হিসাবও হারিয়ে ফেলেছিলেন। তিনি বলেন, "৪-৫ স্কোরের সময় আমি টাওয়েল নিতে গিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম স্কোর ৩-৫ এবং আমাকে আরও একটি গেম খেলতে হবে। কিন্তু যখন স্কোরবোর্ডের দিকে তাকালাম, দেখলাম স্কোর ৪-৫, তখন বুঝলাম আমাকে বসার জায়গায় ফিরে যেতে হবে।" ২০২১ সালে শিরোপাজয়ী এমা রাডুকানুর পর ঝেং প্রথম কোয়ালিফায়ার হিসেবে ইউএস ওপেনের নারী এককের চতুর্থ রাউন্ডে পৌঁছানোর গৌরব অর্জন করলেন।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ঝেংয়ের পরবর্তী প্রতিপক্ষ বিশ্ব নম্বর দুই এলিনা রিবাকিনা, যিনি দুইবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে ৬-১, 6-৪ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন। রিবাকিনার বিপক্ষে হেড-টু-হেড রেকর্ডে ৪-১ ব্যবধানে পিছিয়ে আছেন ঝেং, যার মধ্যে চলতি বছর দোহা ও মাদ্রিদে দুইবারই হেরেছেন তিনি। অন্যদিকে, রিবাকিনা যদি শেষ চারে পৌঁছাতে পারেন, তবে তার বিশ্ব নম্বর এক হওয়া নিশ্চিত হবে।
কনুইয়ের চোট কাটিয়ে ওঠার পর র্যাঙ্কিংয়ের তলানিতে নেমে যাওয়া ঝেংয়ের জন্য এই লড়াইটি অত্যন্ত কঠিন ছিল। নিজের মানসিক লড়াই নিয়ে তিনি বলেন, "মানসিকভাবে এটি মেনে নেওয়া খুবই কঠিন ছিল। আমি একসময় শীর্ষ ১০-এ ছিলাম, অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই প্রক্রিয়াটি সত্যিই অনেক যন্ত্রণাদায়ক। আমি অনেক ভুগেছি এবং প্রতিটি হারের পর তীব্র কষ্ট পেয়েছি।"
অন্যদিকে, আরেকটি গ্র্যান্ড স্লামে ব্যর্থতার পর অশ্রুসিক্ত চোখে কোর্ট ছাড়েন শিয়াতেক। গত বছর উইম্বলডন জয়ের পর থেকে বড় টুর্নামেন্টগুলোতে তার সময়টা ভালো যাচ্ছে না। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল, রোল্যান্ড গ্যারোসের চতুর্থ রাউন্ড এবং উইম্বলডনে তৃতীয় রাউন্ডে বিদায় নিতে হয়েছিল তাকে। নিজের পারফরম্যান্স নিয়ে শিয়াতেক বলেন, "আমার টাইমিং ঠিক ছিল না, বলও ঠিকমতো মারতে পারছিলাম না। হয়তো আমি আরও নিরাপদভাবে খেলতে পারতাম, কিন্তু ঝেংয়ের বিপক্ষে সেই সুযোগ ছিল না।"





























