বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের স্বায়ত্তশাসনের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত দুই দশকে বেসরকারি টেলিভিশন ও রেডিওর ব্যাপক প্রসারের ফলে রাষ্ট্রায়ত্ত এই মাধ্যমটির প্রাসঙ্গিকতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে সম্প্রতি একজন অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিত্বকে বিটিভির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলে সরকারি এই চ্যানেলটির আমূল পরিবর্তনের একটি নতুন আশা তৈরি হয়েছিল। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি চিঠির পর সেই প্রত্যাশা অনেকটাই ফিকে হয়ে গেছে।
তথ্য মন্ত্রণালয় থেকে সহকারী সচিবের স্বাক্ষরে বিটিভির মহাপরিচালকের কাছে পাঠানো ওই চিঠিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এই বিধিনিষেধের ফলে বিটিভির মহাপরিচালকের পদটি কার্যত একটি ‘ডাক বাক্সে’ পরিণত হয়েছে। এখন মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়া মহাপরিচালকের স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বললেই চলে। এমনকি বিটিভির সোশ্যাল মিডিয়া পেজে কোনো জনসচেতনতামূলক কনটেন্ট প্রচার করতে হলেও এখন মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হবে।
চিঠিতে যেসব বিষয়ে মহাপরিচালককে বাধ্যতামূলকভাবে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নিতে হবে, তার মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া ও অনলাইন মাধ্যমে কনটেন্ট প্রচার, জনবল ব্যবস্থাপনা, পদ সৃষ্টি, নিয়োগ, পদায়ন, বদলি, বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, প্রান্তিক অনুষ্ঠানসূচি নির্ধারণ, বাজেট প্রণয়ন, ক্রয় ও বিনিয়োগ এবং সম্প্রচার যন্ত্রপাতি যেমন স্টুডিও সরঞ্জাম, ট্রান্সমিটার ও ওভি ভ্যান কেনা।
সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, অতীতে বিটিভির মহাপরিচালককে এমন চিঠি দেওয়া হয়নি। এর ফলে মহাপরিচালকের পদটি এখন অনেকটাই ক্ষমতা ও কর্তৃত্বহীন হয়ে পড়েছে। এমনকি ২০২০ সালে তথ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশে মহাপরিচালককে যে ১৭টি বিষয়ে নির্দিষ্ট এখতিয়ার দেওয়া হয়েছিল, নতুন এই চিঠির মাধ্যমে তার বেশিরভাগই খর্ব করা হয়েছে। ফলে বিটিভির প্রশাসনিক ও পরিচালনাগত স্বাধীনতা এখন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে চলে এসেছে।





























