১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার প্রকাশিত মারকুয়েট বিশ্ববিদ্যালয়ের নতুন জনমত জরিপ অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের প্রতি অনুমোদন কমে ৩৭ শতাংশে নেমে এসেছে। জুলাই মাসের জরিপের তুলনায় এটি তিন শতাংশ পয়েন্ট কম। ২০২৫ সালের শুরুর দিকে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকে এটি ট্রাম্পের জন্য সর্বনিম্ন অনুমোদনের হার। এর আগে জুন মাসে তার অনুমোদনের হার ছিল ৩৮ শতাংশ, যা এতদিন পর্যন্ত সর্বনিম্ন ছিল।
জরিপে দেখা গেছে, প্রেসিডেন্টের কাজের প্রতি দৃঢ় অনুমোদন জানানো মানুষের সংখ্যাও ধারাবাহিকভাবে কমছে। দ্বিতীয় মেয়াদের শুরুতে ২৯ শতাংশ আমেরিকান ট্রাম্পের কাজের প্রতি দৃঢ় সমর্থন জানালেও বর্তমানে সেই সংখ্যা ১৫ শতাংশে নেমে এসেছে।
ট্রাম্পের জনপ্রিয়তায় এই ধসের পাশাপাশি ডেমোক্র্যাটিক পার্টির জন্য সুখবর উঠে এসেছে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে। প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। জরিপ অনুযায়ী, সম্ভাব্য ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে রয়েছে, যা জুলাই মাসের ৬ পয়েন্টের লিডের তুলনায় সাত পয়েন্ট বেশি। নিবন্ধিত ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে, যেখানে জুলাই মাসে এই ব্যবধান ছিল মাত্র দুই শতাংশ পয়েন্ট। একই সময়ে রিপাবলিকানদের সমর্থন জুলাইয়ের তুলনায় চার শতাংশ পয়েন্ট কমেছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা সীমান্ত নিরাপত্তা, অভিবাসন, পররাষ্ট্রনীতি, শুল্ক, অর্থনীতি, ইরানের সঙ্গে যুদ্ধ, গ্যাসের দাম এবং মুদ্রাস্ফীতি—এই আটটি প্রধান ইস্যুতে হ্রাস পেয়েছে। বিশেষ করে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তার মতো ট্রাম্পের শক্তিশালী ইস্যুগুলোতেও সমর্থন ৫০ শতাংশের নিচে নেমে গেছে। এছাড়া মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে মাত্র ১৯ শতাংশ এবং গ্যাসের দামের বিষয়ে ২০ শতাংশ মানুষ ট্রাম্পের কাজের অনুমোদন দিয়েছেন। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ)-এর তথ্য অনুযায়ী, বুধবার গ্যাসের গড় দাম ছিল প্রতি গ্যালন ৪.৩৬ ডলার, যা এক সপ্তাহ আগের তুলনায় ১৪ সেন্ট বেশি এবং সেপ্টেম্বর ২০২৫-এর চেয়ে এক ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
তবে এই নেতিবাচক খবরের বিপরীতে ১৪ সেপ্টেম্বর, সোমবার প্রকাশিত রয়টার্স/ইপসোস জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা সামান্য বেড়ে ৩৫ শতাংশে পৌঁছাতে দেখা গেছে। এটি আগের জরিপের তুলনায় দুই শতাংশ পয়েন্ট বেশি। হোয়াইট হাউসে ফেরার পর টানা তিন সপ্তাহ সর্বনিম্ন পর্যায়ে থাকার পর এটিই তার সামান্য উন্নতি। যদিও এই উন্নতি রিপাবলিকানদের সামগ্রিক অবস্থানে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি; বরং একই জরিপ অনুযায়ী ডেমোক্র্যাটদের চেয়ে রিপাবলিকানরা সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধান।




























