২০২০ সালে দুই দেশের যৌথ লিয়াজোঁ অফিস উড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তর কোরিয়াকে ৪৪.৬ বিলিয়ন ওয়ান (প্রায় ৩ কোটি ২৫ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। বুধবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় দেয়। তবে দুই দেশের মধ্যকার বর্তমান কূটনৈতিক অচলাবস্থার কারণে এই অর্থ আদায়ের কোনো স্পষ্ট উপায় না থাকায় রায়টিকে মূলত প্রতীকী হিসেবে দেখা হচ্ছে।
উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘন বা অন্যান্য ইস্যুতে অতীতে ব্যক্তিপর্যায়ে মামলার নজির থাকলেও, দেশটির সরকারের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া সরকারের মামলা করার ঘটনা এটিই প্রথম। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়া এই মামলাটি দায়ের করেছিল। মামলায় উত্তর কোরিয়ার সীমান্ত শহর কেসং-এ অবস্থিত লিয়াজোঁ ভবনটি উড়িয়ে দেওয়ার ঘটনাকে একটি বেআইনি ও সহিংস কাজ হিসেবে বর্ণনা করা হয়, যা দুই দেশের পূর্ববর্তী চুক্তি লঙ্ঘন করেছে এবং পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
মামলাটি যখন করা হয়, তখন সিউলে ক্ষমতায় ছিল একটি রক্ষণশীল সরকার। তারা উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে পিয়ংইয়ংয়ের সামরিক সহায়তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। একই সঙ্গে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছিল। তবে গত বছর দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে পরিবর্তন আসে। ২০২৪ সালের ডিসেম্বরে স্বল্পমেয়াদে সামরিক আইন জারির জেরে রক্ষণশীল প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ক্ষমতাচ্যুত হওয়ার পর উদারপন্থী প্রেসিডেন্ট লি জে-মিউং দায়িত্ব নেন। বর্তমান লি সরকারের সুর কিছুটা নরম হলেও উত্তর কোরিয়া এখন পর্যন্ত আলোচনা শুরুর আহ্বান উপেক্ষা করে আসছে।
২০২০ সালের জুনে কেসং-এ দক্ষিণ কোরিয়ার অর্থায়নে নির্মিত লিয়াজোঁ অফিসটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে বেলুনের মাধ্যমে উত্তর কোরিয়া-বিরোধী লিফলেট পাঠানো বন্ধ করতে সিউলের ব্যর্থতার সমালোচনা করে এই পদক্ষেপ নিয়েছিল পিয়ংইয়ং। অবশ্য ২০২০ সালের জানুয়ারিতে করোনাভাইরাস মহামারির কারণে সীমান্ত বন্ধ করার সময় থেকেই অফিসটির কার্যক্রম স্থগিত ছিল এবং বিস্ফোরণের সময় ভবনটি খালি ছিল।
ওয়াশিংটনের সাথে পারমাণবিক আলোচনা স্থবির হয়ে পড়ার পর সিউলের ওপর চাপ সৃষ্টি করতেই উত্তর কোরিয়া পরিকল্পিতভাবে এই ক্ষোভ প্রকাশ করেছিল বলে মনে করা হয়। এর আগে ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার তৎকালীন উদারপন্থী প্রেসিডেন্ট মুন জে-ইন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তিনবার বৈঠক করেছিলেন এবং একই বছরের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কিমের প্রথম শীর্ষ বৈঠকের আয়োজন করতে সহায়তা করেছিলেন। কিন্তু ২০১৯ সালে কিম-ট্রাম্পের দ্বিতীয় শীর্ষ বৈঠকটি ব্যর্থ হওয়ার পর এই কূটনৈতিক প্রক্রিয়া ভেস্তে যায়। ওই বৈঠকে আংশিক পারমাণবিক কর্মসূচি বন্ধের বিনিময়ে উত্তর কোরিয়ার ওপর থেকে বড় ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি প্রত্যাখ্যান করেছিল যুক্তরাষ্ট্র।
সাম্প্রতিক বছরগুলোতে কিম জং উন দক্ষিণ কোরিয়ার সাথে সব ধরনের অর্থপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছেন এবং দেশটিকে তার "সবচেয়ে বৈরী শত্রু" হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করেছেন এবং রাশিয়া ও চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, যাকে তিনি একটি "নতুন স্নায়ুযুদ্ধ" বলে অভিহিত করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য কিম হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছেন।
একই দিনে, সিউলের আদালত গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে সীমান্ত এলাকা থেকে উত্তর কোরিয়ার দিকে ড্রোন ওড়ানোর অপরাধে তিন ব্যক্তিকে স্থগিত কারাদণ্ড দিয়েছেন। দেশের বিমান নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের এই সাজা দেওয়া হয়। ড্রোন ওড়ানোর এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল উত্তর কোরিয়া এবং একে তাদের "সার্বভৌমত্বের ওপর চরম আঘাত" হিসেবে বর্ণনা করে এর পরিণতির বিষয়ে সতর্ক করেছিল।





























