চীনে চীনামাটির পাত্র বা পোর্সেলিন তৈরির প্রাচীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের শিল্পীরা পরম মমতায় বাঁচিয়ে রেখেছেন। দেশটির জিংদেঝেন শহরকে বলা হয় ‘পোর্সেলিন রাজধানী’, যার মৃৎশিল্পের ইতিহাস দুই হাজার বছরেরও বেশি পুরোনো। হান রাজবংশের আমলে শুরু হওয়া এই শহরের ঐতিহ্যবাহী পোর্সেলিন সাইটগুলো ২০২৬ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে। বেইজিং থেকে প্রায় ১,১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত জিয়াংশি প্রদেশের এই শহরে প্রাচীন রাজকীয় আমলের সূক্ষ্ম কারুকাজ আজও চর্চা করা হচ্ছে।
জিংদেঝেনের অন্যতম পোর্সেলিন শিল্পী চেন ছিং তার শৈশবের এক অনন্য স্মৃতি হাতড়ে বেড়ান। তার দাদা একবার তাদের পরিবারের ঐতিহ্যবাহী লাল রঙের গোপন ফর্মুলাটি কাগজে লিখেছিলেন। চেনের মাকে সেটি মুখস্থ করতে বলে মুহূর্তের মধ্যেই কাগজটি পুড়িয়ে ফেলেন তিনি। এরপর থেকে এই গোপন সূত্রটি মুখে মুখেই প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়ে আসছে। চেন বলেন, "আমার বয়স ৩০ বছর পার হওয়ার আগে মা আমাকে এই ফর্মুলাটি জানাননি।" ১৮৬০ সাল থেকে চেনের পরিবার এই শিল্পের সাথে যুক্ত। ১৯১২ সালে ছিং রাজবংশের পতনের পর চেনের পূর্বপুরুষরা রাজকীয় কারুশিল্পের কিছু ঐতিহ্য নিজেদের আয়ত্তে নেন। তার মতে, বাইরের কারও পক্ষে এই শিল্পে দক্ষতা অর্জন করা অত্যন্ত কঠিন এবং একটি মাত্র কৌশল তৈরিতে একটি পরিবারের প্রায় এক শতাব্দী সময় লেগে যেতে পারে।
চেনের স্টুডিওতে টেবিলজুড়ে ছড়িয়ে আছে তুলি, রং আর অসমাপ্ত মাটির পাত্র। সেখানে তিনি নিস্তব্ধতায় ল্যাম্পের আলোতে কাজ করেন। আঁকার সময় তার আঙুল কখনোই চীনামাটির পাত্রের উপরিভাগ স্পর্শ করে না। তিনি পাত্রের বাইরের প্রান্তে হাত রেখে শক্তভাবে তুলি ধরে নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন প্রতিটি রেখা। একটি চায়ের কাপ আঁকতে তার কয়েক দিন সময় লেগে যায়, কারণ ধুলো বা ঘামের একটি কণা পুরো কাজটিকে নষ্ট করে দিতে পারে। চেন জানান, ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য আঁকা সবচেয়ে কঠিন, কারণ এর সীমানাগুলো স্পষ্ট থাকে না। যেমন একটি পাহাড়ের চূড়া পান্না সবুজ থেকে ধীরে ধীরে নিচের দিকে বাদামি ও অন্যান্য উষ্ণ রঙে রূপ নেয়। তিনি বলেন, "কারুশিল্পে দক্ষতা অর্জন একটি আজীবন সাধনার বিষয়। এই কঠিন কাজ শিখতে ১০ বছরের বেশি সময় ব্যয় করতে খুব কম মানুষই রাজি হন।"
ঐতিহ্য রক্ষায় শিল্পীদের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠানগুলোও কাজ করছে। জিংদেঝেনের ইম্পেরিয়াল কিলন ইনস্টিটিউট প্রাচীন রাজকীয় চুল্লি থেকে উদ্ধার হওয়া সিরামিক টুকরোগুলো নিয়ে গবেষণা ও তা পুনর্গঠন করছে। এই কাজে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ওয়েং ইয়ানজুন বলেন, "আমাদের সিরামিক জিন ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সব ধরনের তথ্য সংগ্রহ করতে পারছি। আমরা আশা করি আধুনিক বিজ্ঞানের সাহায্যে প্রাচীন প্রযুক্তি পুনরুদ্ধার করতে পারব।"
এই গবেষণাগুলো কয়েক শতাব্দী আগের বিশ্বাস ও সংস্কৃতির ওপরও আলো ফেলছে। জিংদেঝেনের রাজকীয় চুল্লিতে তৈরি টাইলসগুলো নানজিং শহরের বাও’এন প্যাগোডায় ব্যবহৃত হয়েছিল, যা ১৯ শতকের একটি বিদ্রোহের সময় ধ্বংস হয়ে যায়। এই প্যাগোডার বাইরের দেয়াল বুদ্ধের ছবিযুক্ত পোর্সেলিন টাইলস দিয়ে ঢাকা ছিল। ওয়েং জানান, তাদের গবেষণায় পোর্সেলিনের নকশায় ইসলাম, বৌদ্ধ, তাও এবং পরবর্তীতে ইউরোপীয় ক্যাথলিক খ্রিস্টধর্মের সমন্বয় ও সম্প্রীতির প্রমাণ মিলেছে।
পোর্সেলিন তৈরির সাথে জিংদেঝেনের নিজস্ব কিছু আধ্যাত্মিক বিশ্বাসও জড়িয়ে আছে। রাজকীয় চুল্লি কমপ্লেক্সের ভেতরে সিরামিকের রক্ষাকর্তা টং বিনের একটি উপাসনালয় রয়েছে। ছিং রাজবংশের আমলে চুল্লি শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে আত্মাহুতি দেওয়া টংকে স্থানীয়ভাবে ‘বাতাস ও আগুনের অমর গুরু’ বা ‘চুল্লির দেবতা’ হিসেবে শ্রদ্ধা করা হয়। আজও সেই উপাসনালয়টি উন্মুক্ত রয়েছে। ওয়েং বলেন, "প্রাচীনকালে প্রযুক্তি আজকের মতো উন্নত ছিল না, তাই ভালো ফলাফলের জন্য মানুষকে দেবতাদের ওপর নির্ভর করতে হতো।"
আধুনিক শিল্পীদের বিশ্বাসের ধরন অবশ্য ভিন্ন। কেউ কেউ কোনো বিশেষ বিশ্বাস লালন করেন না, আবার কেউ সৌভাগ্যের প্রতীক হিসেবে হাসিমুখের বুদ্ধ বা ‘বুদাই’ মূর্তি রাখেন। তবে চতুর্থ প্রজন্মের পোর্সেলিন শিল্পী সুন লিসিনের কাছে এই কাজ অত্যন্ত আধ্যাত্মিক। ১৩ বছর বয়সে বাবার কাছে কাজ শেখা সুন বলেন, "কিছু ঐতিহ্যবাহী আচার হয়তো ম্লান হয়ে গেছে, কিন্তু কারিগরদের মনে সেই শ্রদ্ধা এখনো রয়ে গেছে।" সুন চুল্লিতে পাত্র দেওয়ার আগে দেবতা টং বিনের উদ্দেশ্যে প্রণাম জানান। শ্বেত কাদামাটির কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসের কথা স্মরণ করে তিনি বলেন, "আমরা যদি পরম ভক্তি ও মমতায় এটি না আঁকি, তবে এর প্রতি কীভাবে সুবিচার করব?"
বর্তমানে জিংদেঝেনের ঐতিহ্য শুধু স্থানীয় পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং রেসিডেন্সি প্রোগ্রামের মাধ্যমে দেশি-বিদেশি তরুণ শিল্পীরা এখানে আসছেন। ইতালীয় সিরামিক শিল্পী পাওলা মাসি অক্টোবর পর্যন্ত একটি রেসিডেন্সি প্রোগ্রামে অংশ নিচ্ছেন। সং রাজবংশের পোর্সেলিন দ্বারা অনুপ্রাণিত পাওলার কাছে জিংদেঝেনে আসা মানে নিজের শিল্পযাত্রার শিকড়ে ফিরে যাওয়া। অন্যদিকে, ২০১৫ সালে জিংদেঝেন সিরামিক ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করা চীনা শিল্পী হুয়াং ছি এখানে ফিরে এসে রেসিডেন্সি প্রোগ্রামে যোগ দিয়েছেন। হুয়াং বলেন, "জিংদেঝেন থেকেই আমার স্বপ্নের শুরু। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।"































