যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় প্রথমবারের মতো একটি এলএনজি কার্গো বাংলাদেশে পৌঁছেছে। গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টা ১২ মিনিটে ‘এলএনজি জেনেভা’ নামের জাহাজটি সামিটের এলএনজি টার্মিনালে নোঙর করে। এরপরই জাহাজটি থেকে গ্যাস খালাসের কার্যক্রম শুরু হয়।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, এই কার্গো থেকে মোট ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস করা হবে। গানভরের সঙ্গে বাংলাদেশের ১৩ বছর মেয়াদী একটি চুক্তি রয়েছে, যার আওতায় মোট ১১৭টি কার্গো এলএনজি আমদানি করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চলতি বছর পাঁচটি কার্গো দেশে আসার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করতে এই দীর্ঘমেয়াদী চুক্তিটি করা হয়েছে।
জ্বালানি সরবরাহের এই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বরও একটি এলএনজি কার্গো দেশে এসেছে। পর পর কার্গো আসায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৬০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, যার মধ্যে ১ হাজার ৬১২ মিলিয়ন ঘনফুট দেশীয় গ্যাসক্ষেত্র থেকে এবং ৯৯৩ মিলিয়ন ঘনফুট আমদানি করা এলএনজি থেকে পাওয়া গেছে।
চলতি সেপ্টেম্বর মাসে মোট নয়টি এলএনজি কার্গো দেশে আসার নিশ্চয়তা রয়েছে। এর মধ্যে আরামকোর দুটি এবং ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) ও পস্কোর একটি করে মোট চারটি কার্গো ইতোমধ্যেই পৌঁছেছে। সূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর আরামকো, ২৩ সেপ্টেম্বর টোটালএনার্জি, ২৫ সেপ্টেম্বর আরামকো এবং ২৮ সেপ্টেম্বর গানভর থেকে আরও চারটি কার্গো দেশে আসার কথা রয়েছে।





























