ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউসম এমন একটি নতুন আইনে স্বাক্ষর করেছেন, যা গভর্নরের অনুমতি ছাড়া অন্য কোনো রাজ্যের ন্যাশনাল গার্ড বাহিনীকে ক্যালিফোর্নিয়ায় মোতায়েন করা নিষিদ্ধ করবে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটকেন্দ্রে সেনা মোতায়েন করতে পারেন—এমন আশঙ্কার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গভর্নর নিউসম ‘সিনেট বিল ১৩৫৪’ নামের এই বিলে স্বাক্ষর করেন। নতুন এই আইনের অধীনে ক্যালিফোর্নিয়ার গভর্নরের স্পষ্ট অনুমতি ছাড়া অন্য কোনো রাজ্য, অঞ্চল বা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার সামরিক বাহিনীকে ক্যালিফোর্নিয়ায় প্রবেশ করে সামরিক দায়িত্ব বা আইন প্রয়োগকারী ভূমিকা পালন করা নিষিদ্ধ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউসম বলেন, "ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ডকে মোতায়েন করা হয় জনগণের সেবা করার জন্য, তাদের ভয় দেখানোর জন্য নয়। জননিরাপত্তা, সুরক্ষা এবং এর বাইরের যেকোনো বিষয়ে ক্যালিফোর্নিয়া নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখবে।"
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করতে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সেনা মোতায়েনের উদ্বেগ থেকে এই নতুন আইনটি আনা হয়েছে। এর আগে গত সোমবার, ডেমোক্র্যাটিক স্টেট পার্টিগুলো "নিউ ব্যাটলফিল্ড প্রজেক্ট" চালুর ঘোষণা দেয়। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, এই প্রকল্পের লক্ষ্য হলো পুরো মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ভোটকেন্দ্রগুলো পাহারা দেওয়ার জন্য ১০,০০০ স্বেচ্ছাসেবক নিয়োগ করা।
গভর্নর নিউসমের এই পদক্ষেপটি ট্রাম্পের আগের একটি বিতর্কিত সিদ্ধান্তের এক বছরেরও বেশি সময় পর এলো। ২০২৫ সালের জুনে মার্কিন প্রেসিডেন্টের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ সহিংস রূপ নিলে ট্রাম্প সেখানে ২,০০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন।
তখন ট্রাম্প দাবি করেছিলেন যে, নিউসম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাসের নিষ্ক্রিয়তার কারণে ফেডারেল হস্তক্ষেপের প্রয়োজন ছিল। তবে নিউসম ও ব্যাস ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছিলেন, সেখানে এমন কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়নি যা সামরিক বাহিনী মোতায়েনকে যৌক্তিক করে তোলে। পরবর্তীতে ডিসেম্বরে একজন ফেডারেল বিচারক ট্রাম্পের সেই সেনা মোতায়েনকে স্থগিত করেন এবং ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণ পুনরায় নিউসমের হাতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।




























