দেশের ভোক্তা অধিকার আইনে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৯ সালের বিদ্যমান আইনকে যুগোপযোগী করে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়নের খসড়া প্রস্তুত করা হয়েছে। নতুন এই আইন পাস হলে ই-কমার্স, বাড়ি ভাড়া, শিক্ষা, ইন্টারনেট, লন্ড্রি, সেলুন ও কুরিয়ার সার্ভিসের মতো নানা সেবা খাত সরাসরি ভোক্তা আইনের আওতায় চলে আসবে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবসার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করাসহ বিভিন্ন অপরাধে জরিমানার পরিমাণ ও শাস্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
খসড়া আইন অনুযায়ী, এখন থেকে অনলাইন বা ই-কমার্স ব্যবসাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে এই খাতের দ্রুত প্রসার ঘটলেও সুনির্দিষ্ট আইনি কাঠামোর অভাবে প্রতারিত ক্রেতাদের সব অভিযোগের সুরাহা করা সম্ভব হচ্ছিল না। নতুন আইন কার্যকর হলে নিবন্ধন ছাড়া কোনো ই-কমার্স বা ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করতে পারবে না। এছাড়া প্রতিশ্রুত পণ্য বা সেবা দিতে ব্যর্থ হলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
নতুন আইনে অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হচ্ছে। নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ বা সেবার বিজ্ঞাপন প্রচার এবং অনলাইন জুয়া বা বেটিংয়ের আয়োজন বা এতে সহায়তা করলে দুই বছরের কারাদণ্ড, সর্বোচ্চ তিন লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে খসড়ায়। এছাড়া ওষুধে ভেজাল বা নকল ওষুধ তৈরির বিষয়ে অনুসন্ধান করার ক্ষমতাও পাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে সংকট তৈরির উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য বা ওষুধ অবৈধভাবে মজুত বা সংরক্ষণ করলে শাস্তির বিধান যুক্ত করা হচ্ছে। খসড়ার ৪৩ক ধারায় এ অপরাধে অনূর্ধ্ব দুই বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম জানান, ই-কমার্স বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে গড়ে ওঠা ব্যবসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আইনের আওতা বাড়ানো হচ্ছে। আইনটি আরও কার্যকর করতে জরিমানার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল করার সুযোগও রাখা হচ্ছে। নতুন আইনের মাধ্যমে শিক্ষা, টেইলারিং, বিউটি কেয়ার, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, ম্যারেজ মিডিয়া, ইন্টেরিয়র ডিজাইন, রিক্রুটিং এজেন্সি ও কনসালটেন্সিসহ বিভিন্ন খাতকে তদারকির আওতায় আনা হবে, যা নিয়ে বর্তমানে অনেক অভিযোগ জমা রয়েছে।
খসড়া অনুযায়ী, ই-কমার্স ব্যবসার তদারকির স্বার্থে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট পেমেন্ট গেটওয়ে বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে তথ্য সংগ্রহ করতে পারবে অধিদপ্তর। এছাড়া ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন স্থগিত বা বাতিল করার ক্ষমতাও থাকবে তাদের হাতে। খসড়া আইনে বিভিন্ন অপরাধে শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আইনের ৩৭ ধারায় এক বছরের কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। বর্তমান আইনে এ ধারায় কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ডিজিটাল গিফট কার্ড, ওয়ালেট বা ক্যাশ ভাউচার ব্যবহারও বন্ধ করা হচ্ছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ২০০৯ সালের আইনে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, কারণ তখন অনলাইন ব্যবসার এত প্রসার ঘটেনি। ক্যাবের দীর্ঘদিনের দাবির মুখে এই আইন সংশোধনের উদ্যোগকে তারা সাধুবাদ জানান। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে এই খসড়া নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই এটি মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।
নতুন আইনের আওতায় অনলাইন জুয়া ও বেটিংয়ের আয়োজন বা এতে সহায়তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হচ্ছে। খসড়ায় নতুন ৪১-এর ক ধারায় নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ বা সেবা বিক্রির বিজ্ঞাপন প্রকাশ এবং অনলাইন জুয়া বা বেটিংয়ের আয়োজনের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।
খসড়ায় নতুন ২১ক ধারা যুক্ত করে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন, নিবন্ধন স্থগিত ও বাতিলের বিধান রাখা হয়েছে। পণ্য, ওষুধ বা সেবা বিক্রয়কারী ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সব ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানকে ব্যবসা শুরুর আগে অধিদপ্তরের নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে নিবন্ধিত হতে হবে। নির্দিষ্ট সময় পর নিবন্ধন নবায়নের বিধ





























