জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২৫ ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে স্থানীয় সময় রোববার বিকাল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সফরের প্রথম দিনে আজ সোমবার জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য আয়োজিত প্রাতঃরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন। ২৩শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেনের আয়োজনে বৈশ্বিক বৈষম্য নিরসন বিষয়ক সভায় বক্তব্য রাখবেন। একই দিনে জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকট বিষয়ক সাইড ইভেন্টে অংশ নিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা কামনা করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে তুরস্ক, ভুটান, হাইতি, ক্রোয়েশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড এবং কুয়েতের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগ, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলজ-এমের, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।
২৪শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন তিনি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখবেন। এছাড়া মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। একই দিন বিকাল ৫টায় সাধারণ পরিষদের বিতর্কে অংশ নিয়ে তিনি ভাষণ দেবেন, যেখানে বাংলাদেশের নতুন সরকারের অঙ্গীকার, বিশ্ব শান্তি ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে।
সফরের শেষদিকে ২৫শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জেপি মরগানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আতোনিউ কোস্তা, জুলি বিশপ, বারহাম সালিহ, ভলকার তুর্ক এবং প্রিন্স জাইদ রাদ আল হুসেইনের সঙ্গে বৈঠক করবেন। সকল কর্মসূচি শেষে ২৭শে সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।





























