জাপানের রাজধানী টোকিওসহ বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে দেশটিতে প্রায় ৫০ হাজার পরিবার বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই সোমবার দেশটির ছয়টি প্রশাসনিক অঞ্চল থেকে ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
টাইফুনের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলে ভূমিধসে একটি বাড়ি ধসে পড়ার পর এক নারী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দমকলকর্মীরা। একই ধরনের ঘটনায় চিবা প্রশাসনিক অঞ্চলে ধ্বংসাবশেষ সরানোর সময় একজন ব্যক্তি আটকা পড়েন, যাঁকে পরে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশটিতে ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।
বিবিসির তথ্য অনুযায়ী, দুজুয়ানের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, তবে ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। প্রশান্ত মহাসাগরে একের পর এক আঘাত হানা ঝড়ের মধ্যে এটি সর্বশেষ। বিশেষজ্ঞরা মনে করছেন, এ বছরের ‘সুপার এল নিনো’ সমুদ্রের তাপমাত্রা বাড়িয়ে ঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করায় ঘূর্ণিঝড়গুলো আরও শক্তিশালী হয়ে উঠছে।
জাপানের আবহাওয়া সংস্থা মানুষের জীবনের জন্য ‘তাৎক্ষণিক হুমকি’র সতর্কতা জারি করে সবাইকে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফর পিছিয়ে দিয়েছেন।
টোকিওর দুর্যোগ মোকাবিলা সংস্থা বাসিন্দাদের সতর্ক করে বলেছে, ভারী বৃষ্টির কারণে এলাকাটিতে তৃতীয় স্তরের সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে বেসমেন্ট বা ভূগর্ভস্থ তলায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ সেখানে পানি দ্রুত ঢুকে পড়ার ঝুঁকি রয়েছে। এছাড়া বন্যার পানিতে ম্যানহোলের ঢাকনা সরে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরির বিষয়েও বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।































