ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা তৈরি হলে তা নিজের শিকড় ও আফ্রিকাকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফুটবল তারকা এমবাপ্পের বাবা ক্যামেরুনের এবং মা আলজেরিয়ার বংশোদ্ভূত। ফ্রান্সে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা সত্ত্বেও নিজের আফ্রিকান শেকড় ও সংস্কৃতির সঙ্গে তিনি সবসময় সংযোগ অনুভব করেন বলে জানিয়েছেন। আরএফআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই শেকড়গুলোই তার ব্যক্তিত্ব ও মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ।
২০২৬ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর থেকেই এমবাপ্পে নিজেকে এই বছরের ব্যালন ডি’অরের জন্য যোগ্য দাবিদার মনে করছেন। ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে তিনি এই পুরস্কারের জন্য নিজেকে এগিয়ে রাখছেন। যদিও তিনি গত মৌসুমে কোনো ট্রফি জিততে পারেননি, তবে লা লিগায় ৩১ ম্যাচে ২৫ গোল করে পিচিচি ট্রফি জিতেছেন। এমবাপ্পের মতে, ব্যালন ডি’অরের জন্য ব্যক্তিগত পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড।
আফ্রিকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমবাপ্পে বলেন, তিনি সবসময় আফ্রিকায় প্রচুর ভালোবাসা পেয়েছেন এবং সেখানকার মানুষের সমর্থন তাকে মুগ্ধ করে। তিনি আশা প্রকাশ করেন যে, যদি তিনি ব্যালন ডি’অর জিততে পারেন, তবে কোনো না কোনোভাবে তা সেই মহাদেশের মানুষের জন্য উৎসর্গ করবেন।
সম্প্রতি এমবাপ্পে মরক্কোতে আফ্রিকা কাপ অফ নেশনস (AFCON) ২০২৫-এর দুটি ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন। তিনি রাবাতে মরক্কো ও মালির মধ্যকার লড়াই এবং মারাকেশে আইভোরি কোস্ট ও ক্যামেরুনের ম্যাচটি সরাসরি দেখেছেন। উল্লেখ্য, এমবাপ্পে এর আগে ২০২৩ সালে ব্যালন ডি’অর র্যাঙ্কিংয়ে লিওনেল মেসি ও এরলিং হালান্ডের পেছনে থেকে তৃতীয় স্থান অর্জন করেছিলেন।





























