বিশ্বের বর্তমান সংকটগুলোকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সূচনায় তিনি বলেন, যুদ্ধ, বৈষম্য, জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মতো প্রতিটি সংকটের মূলে রয়েছে ক্ষমতার নিয়ন্ত্রণ ও ব্যবহারের প্রশ্ন। গুতেরেস সতর্ক করে বলেন, বর্তমান বিশ্বের বিভাজন রেখাগুলো ক্রমেই গভীর হচ্ছে এবং ছোট ছোট ফাটল এখন বিশাল খাদে পরিণত হয়েছে।
মহাসচিব বর্তমান বিশ্বের ক্ষমতার তিনটি বড় পরিবর্তনের দিকে আলোকপাত করেছেন। প্রথমত, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নতুন অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত প্রভাবের কেন্দ্র তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, সরকারের হাত থেকে ক্ষমতার একটি বড় অংশ শক্তিশালী বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে চলে যাচ্ছে। তৃতীয়ত, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মানুষের কাছ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো যন্ত্রের হাতে স্থানান্তরিত হচ্ছে। তিনি মনে করেন, বর্তমান বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো এমন সময়ের স্বার্থ ও বাস্তবতাকে ধারণ করছে, যে সময় অনেক আগেই অতিক্রান্ত হয়েছে। তাই প্রতিদ্বন্দ্বী জোটে বিভক্ত না হয়ে পারস্পরিক নির্ভরতা ও অভিন্ন নিয়মের ভিত্তিতে একটি বহুকেন্দ্রিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গুতেরেস স্পষ্ট করেন যে, বড় শক্তিগুলোকেও বুঝতে হবে তাদের ক্ষমতা সর্বময় নয়। সামরিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগত শক্তি দিয়ে আজকের জটিল বৈশ্বিক সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি যুদ্ধ ও শান্তি, বৈষম্য, জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভবিষ্যতের চারটি বড় পরীক্ষা হিসেবে চিহ্নিত করেছেন। মধ্যপ্রাচ্য, ইউক্রেন, সুদান ও মিয়ানমারের সংঘাতের উদাহরণ টেনে তিনি বলেন, ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শক্তি কূটনীতিকে ছাপিয়ে যায় এবং জবাবদিহিতা দুর্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে যুদ্ধবিরতিও প্রকৃত শান্তি আনতে ব্যর্থ হচ্ছে, যার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, একবিংশ শতাব্দীতে নিরাপত্তা পরিষদে আফ্রিকার কোনো স্থায়ী প্রতিনিধিত্ব না থাকা অন্যায্য ও অগ্রহণযোগ্য। বৈষম্যকে কেবল অর্থনৈতিক সমস্যা নয়, বরং ক্ষমতার প্রশ্ন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সম্পদ ও সুযোগের বণ্টনে কোটি কোটি মানুষ এখনো বঞ্চিত। তবে জাতিসংঘের অগ্রগতির কথা তুলে ধরে তিনি জানান, ইতিহাসে প্রথমবারের মতো জ্যেষ্ঠ নেতৃত্ব ও সদর দপ্তরে পূর্ণ লিঙ্গসমতা অর্জিত হয়েছে।
জলবায়ু সংকটকে তিনি প্রজন্মের সবচেয়ে গভীর ক্ষমতার ভারসাম্যহীনতা হিসেবে বর্ণনা করেন এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা বজায় রাখতে উন্নত দেশগুলোর সহায়তা চেয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সক্ষমতা বাড়ছে না। সবশেষে, জাতিসংঘ সনদের মূল ভিত্তি শান্তি, উন্নয়ন ও মানবাধিকার রক্ষার প্রত্যয় ব্যক্ত করে গুতেরেস বলেন, মর্যাদা ও অধিকার থেকে শান্তিকে আলাদা করা যায় না। ক্ষমতার আসল শক্তি অন্যকে নিয়ন্ত্রণ করা নয়, বরং সবার জন্য একটি ভবিষ্যৎ তৈরি করা।
জলবায়ু সংকটকে তিনি প্রজন্মের মধ্যে সবচেয়ে গভীর ক্ষমতার ভারসাম্যহীনতা হিসেবে উল্লেখ করেন। ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য অতিক্রমের আশঙ্কার কথা জানিয়ে উন্নত দেশগুলোকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন কার্যক্রমে সহায়তা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে জলবায়ু দূষণের জন্য দায়ীদের মূল্য পরিশোধের কথাও বলেন।
জাতিসংঘকে আরও কার্যকর, স্বচ্ছ, সমন্বিত ও মানুষের প্রয়োজনের সময় আরও বেশি উপস্থিত করার লক্ষ্যে ‘ভবিষ্যতের জন্য চুক্তি’ এবং জাতিসংঘের ৮০তম বর্ষের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।





























