আদালতের নির্দেশ দেওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র জমা না দেওয়ায় ব্রাজিলের পরাজিত ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বোলসোনারোর পাসপোর্ট বাতিল করেছে দেশটির পুলিশ। অর্থ পাচারের অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত সোমবারে সুপ্রিম কোর্ট ৪৫ বছর বয়সী এই সেনেটরকে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কাছে তাঁর পাসপোর্ট হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। ফ্লাভিও বোলসোনারো তাঁর বিরুদ্ধে ওঠা এই অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেছেন।
পাসপোর্ট সমর্পণের নির্দেশ পাওয়ার পর ফ্লাভিও বোলসোনারো দাবি করেছিলেন যে দেশ ছাড়ার কোনো পরিকল্পনা তাঁর নেই এবং তাঁর বামপন্থী প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দলের নেতৃত্ব দিতে তিনি ব্রাজিলেই অবস্থান করবেন। তবে নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও তিনি পাসপোর্ট জমা না দেওয়ায় তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কি না তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বিবিসি নিউজ ব্রাজিলকে দেওয়া তথ্যে এক পুলিশ সূত্র জানিয়েছে, বোলসোনারো প্রতিবেশী আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন কি না তা নিশ্চিত করতে কেন্দ্রীয় কর্মকর্তারা সীমান্ত তল্লাশি কেন্দ্রগুলোতে খোঁজখবর নিচ্ছেন। অবশ্য আর্জেন্টিনার কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, কোনো সীমান্ত অতিক্রম করে বোলসোনারোর তাঁদের দেশে প্রবেশের কোনো রেকর্ড নেই।
ফ্লাভিও বোলসোনারো আগেই একটি দুর্নীতির অভিযোগের মুখে ছিলেন, যা ছিল তাঁর বাবা এবং ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জার বোলসোনারোকে নিয়ে তৈরি একটি চলচ্চিত্রের অর্থায়ন সংক্রান্ত। উল্লেখ্য, জার বোলসোনারো অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে দণ্ডিত হয়ে বর্তমানে গৃহবন্দী রয়েছেন। পিতা-পুত্রের বিরুদ্ধে থাকা এই তদন্ত ছাড়াও, গত মঙ্গলবারে ব্রাজিলের সুপ্রিম কোর্ট ফ্লাভিও বোলসোনারোর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বেআইনিভাবে বিদেশি অর্থ এসেছে কি না—সে বিষয়েও একটি নতুন তদন্ত পরিচালনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
গত রোববারের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ বা রান-অফে লুলার কাছে পরাজিত হন ৪৫ বছর বয়সী ফ্লাভিও বোলসোনারো। নির্বাচনে তাঁর জয়ের ব্যাপক সম্ভাবনা ছিল। গত ৪ অক্টোবরের প্রথম ধাপের নির্বাচনে এগিয়ে থাকার পাশাপাশি জনমত জরিপগুলোতেও বোলসোনারো সামান্য ব্যবধানে লুলার চেয়ে এগিয়ে ছিলেন এবং বিশ্লেষকরা ধারণা করেছিলেন রান-অফে তিনিই জয়ী হবেন। ভোট গণনার শুরুর দিকে বোলসোনারো এগিয়ে থাকলেও পরবর্তীতে অভিজ্ঞ নেতা লুলা তাঁকে পেছনে ফেলে দেন। এর মাধ্যমে লুলা প্রথম কোনো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রথম ধাপে পিছিয়ে থেকেও দ্বিতীয় ধাপে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনেন। নির্বাচনে লুলা ৫১.৭৯ শতাংশ ভোট পেয়ে তাঁর চতুর্থ মেয়াদ নিশ্চিত করেন, যেখানে বোলসোনারো পান ৪৮.২১ শতাংশ ভোট।
৪৪ লাখ ভোটের বড় ব্যবধানে হেরে যাওয়া সত্ত্বেও ফ্লাভিও বোলসোনারো তাঁর পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং পুরো নির্বাচন বাতিল করার আহ্বান জানিয়েছেন। ভোটের দিন ভোটগ্রহণের সময়সীমা অতিরিক্ত দুই ঘণ্টা বাড়ানো হয়েছিল বলে অভিযোগ তুলে তিনি দাবি করেন, এতে তিনি অসুবিধায় পড়েছেন। ওই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি দিয়েছিলেন এবং তিনি এটিকে একটি "নোংরা চক্রান্ত" বলে অভিহিত করেন। যদিও ওই দুই ঘণ্টা সময় বাড়াতে বোলসোনারোর নিজস্ব দল ও লুলার দল উভয়ই আবেদন করেছিল। এদিকে বোলসোনারো যে লিবারেল পার্টির প্রতিনিধিত্ব করেছিলেন, তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে; তবে ভোটগ্রহণের সময় বাড়ানো তদন্তের দাবি রাখে বলে মন্তব্য করেছে দলটি।




























