ইউটিউবের ট্রেন্ডিং তালিকার শীর্ষে অবস্থান করা জনপ্রিয় সামাজিক মেগা ধারাবাহিক ‘দুনিয়া টাকার গোলাম’ ১০০ কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। প্র্যাঙ্ক কিংস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ধারাবাহিকটি এখন সাধারণ দর্শকদের ড্রয়িংরুম থেকে সোশ্যাল মিডিয়ার নিউজফিডে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করা এই নাটকটি এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রচার করেছে।
কোনো মেগাস্টার বা বড় পর্দার চেনা তারকা ছাড়াই কেবল শক্তিশালী গল্প ও টিমওয়ার্কের ওপর ভিত্তি করে নাটকটি যেভাবে ভাইরাল হয়েছে, তা বিনোদন ইন্ডাস্ট্রির জন্য একটি বড় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ধারাবাহিকটির নেপথ্য কারিগরদের একজন তরুণ নির্মাতা সাইদুর রহমান সবুজ। তিনি গতানুগতিক ফ্যামিলি ড্রামার বাইরে গিয়ে গল্পে হালকা অ্যাকশন, সাসপেন্স ও বাস্তবধর্মী সমাজের চিত্র ফুটিয়ে তুলেছেন। তার সাহসী পরিচালনা ও নিখুঁত পরিকল্পনার কারণেই নাটকটি বিশ্বজুড়ে কোটি দর্শকের হৃদয়ের কাছাকাছি পৌঁছাতে পেরেছে। পাইরেসির সমস্যার কারণে ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে ইউটিউবেই নিয়মিত পর্ব প্রচারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বর্তমানে নাটকটির জনপ্রিয়তা এতটাই যে, সম্প্রতি মাত্র ১১ ঘণ্টায় এটি ১০ মিলিয়ন ভিউ স্পর্শ করার রেকর্ড গড়েছে।
নাটকটির মূল শক্তি এর গল্প, যার প্রতিচ্ছবি লুকিয়ে আছে এর নামকরণে। চিত্রনাট্যকার আর্থিক সজীবের ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে কীভাবে টাকা মানুষের বিবেক, সম্পর্ক ও সামাজিক অবস্থান নিয়ন্ত্রণ করে। রক্তের সম্পর্কের চেয়েও অর্থের প্রাধান্য এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের টানাপড়েন ও অর্থনৈতিক সংকটের চিত্রগুলো দর্শকরা নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারছেন বলেই এই সাফল্য এসেছে।
চিত্রনাট্যকার আর্থিক সজীব জানান, প্রতিটি পর্বের শেষে দর্শকদের মধ্যে সাসপেন্স ধরে রাখতে টিম ও পরিচালকদের নিয়ে সুচিন্তিত পরিকল্পনা করা হয়। বিশ্বজুড়ে চলমান ট্রেন্ড ও দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়েই এই সচেতনতামূলক কনসেপ্ট তৈরি করা হয়েছে। ১০০ কোটি ভিউয়ের এই রেকর্ডকে তিনি দর্শকদের প্রতি উৎসর্গ করেছেন। ভবিষ্যতে নাটকটির প্রোডাকশন ভ্যালু ও কাস্টিং বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে সুনির্দিষ্ট কোনো শেষের পরিকল্পনা না করে গল্পের নিজস্ব ছন্দেই ধারাবাহিকটির সমাপ্তি নির্ধারিত হবে বলে জানান এই গল্পকার।





























