১৯৭৫ সালের ৭ নভেম্বর গভীর অনিশ্চয়তা ও ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে দেশপ্রেমিক সিপাহি-জনতা একসঙ্গে রাজপথে নেমে এসেছিল। ‘সিপাহি-জনতা ভাই ভাই’ স্লোগানে সেদিন বন্দিদশা থেকে মুক্ত হয়ে জাতির দায়িত্ব নেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পাঁচ দশক পর আজকের বাংলাদেশে এই বিশেষ দিনের চেতনা কীভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা, বহুদলীয় গণতন্ত্রের বিকাশ এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় নতুন পথ দেখাতে পারে, তা নিয়ে আলোকপাত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তাঁর মতে, ৭ নভেম্বর কেবল একটি ঐতিহাসিক ঘটনার স্মারক নয়, বরং বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং উৎপাদন ও স্বনির্ভরতার রাজনীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রচিন্তার সূচনাবিন্দু।
একটি রাষ্ট্রের স্থিতিশীলতা নির্ভর করে তার কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জনগণের আস্থার ওপর। ১৯৭৫ সালের নভেম্বরের শুরুতে ভেঙে পড়তে যাওয়া প্রাতিষ্ঠানিক শূন্যতা দূর করে সেনাবাহিনীতে শৃঙ্খলা ও প্রশাসনে গতিশীলতা ফিরিয়ে এনেছিলেন শহীদ জিয়া। তিনি উপলব্ধি করেছিলেন যে ক্ষুধা ও বেকারত্ব জিইয়ে রেখে কোনো রাষ্ট্র স্থিতিশীল থাকতে পারে না; তাই শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি কৃষি, উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে দ্রুত মনোযোগ দেন। আজকের বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন, বিচারব্যবস্থা ও জনপ্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত, পেশাদার ও জবাবদিহিমূলক করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক নূরুল ইসলাম। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রপরিচালনায় এই উপলব্ধির স্পষ্ট প্রতিফলন দেখা যায়, যিনি ভঙ্গুর রাষ্ট্রকে পুনরুদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠনের ‘থ্রি-আর’ (3-R) কৌশলে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ প্রাতিষ্ঠানিক সংস্কারের রূপরেখা দিয়েছেন।
৭ নভেম্বরের সবচেয়ে দীর্ঘস্থায়ী উত্তরাধিকার হলো বহুদলীয় গণতন্ত্রের পুনর্যাত্রা। একদলীয় শাসনের গণ্ডি থেকে বেরিয়ে ১৯৭৯ সালে বহুদলীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ভিন্নমতের সহাবস্থান নিশ্চিত করা হয়েছিল। জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শনে জনগণের ভোটই ছিল রাষ্ট্রক্ষমতার বৈধতার মূল উৎস, যার কারণে ক্ষমতার শীর্ষে থেকেও তিনি রাজনীতির মাঠ প্রতিপক্ষের জন্য উন্মুক্ত রেখেছিলেন। এছাড়া গ্রাম সরকারব্যবস্থার মাধ্যমে তৃণমূলের মানুষকে সংপৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আজকের আধুনিক বাংলাদেশে একটি শক্তিশালী, স্বায়ত্তশাসিত ও আর্থিকভাবে সক্ষম স্থানীয় সরকারব্যবস্থা গঠনের পাশাপাশি জাতীয় সংসদকে রাজনীতির প্রকৃত কেন্দ্রে পরিণত করা এবং তরুণ প্রজন্মকে রাজনীতিতে দায়িত্বশীল করে তোলা প্রয়োজন।
জাতীয় ঐক্যের ক্ষেত্রে ধর্ম, ভাষা ও নৃগোষ্ঠী-নির্বিশেষে সব নাগরিককে অভিন্ন পরিচয়ে ধারণ করেছিল ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। ১৯ দফা কর্মসূচির পাশাপাশি স্বেচ্ছাশ্রমে খাল খনন ও ‘স্বনির্ভর বাংলাদেশ’-এর ডাক জনগণকে একক লক্ষ্যে সংগঠিত করেছিল। সেই সময়ে শুরু হওয়া জনশক্তি রপ্তানি ও তৈরি পোশাকশিল্প আজও দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে কাজ করছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই দর্শনকেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ই-হেলথ কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে আধুনিক সামাজিক সুরক্ষার রূপ দিচ্ছে, যা চলতি মেয়াদেই সব নাগরিককে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনবে। পাশাপাশি পররাষ্ট্রনীতিতেও জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে আন্তর্জাতিক অঙ্গনে সমমর্যাদার সম্পর্ক স্থাপনের নীতি অনুসরণ করা হচ্ছে।
দীর্ঘ প্রায় দেড় যুগ রাষ্ট্রীয়ভাবে অপালিত থাকার পর চলতি বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ‘ক’ শ্রেণিভুক্ত করে এবং সাধারণ ছুটি পুনর্বহাল করে। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই রাষ্ট্রনীতির ধারাবাহিকতা রক্ষা করছেন। এর অংশ হিসেবে গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচনও করা হয়। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে যে জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য, স্থিতিশীলতার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান এবং অগ্রগতির জন্য গণতন্ত্র—এই তিন স্তম্ভের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও মুক্ত আলোচনার মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের আহ্বান জানান অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।





























