চলমান সংঘাতের পর মধ্যস্থতাকারী দেশগুলো যখন একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির দাবি করা হয়েছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার সময়ের তুলনায় তাদের সশস্ত্র বাহিনী বর্তমানে আরও বেশি শক্তিশালী ও উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, গত ৪৮ ঘণ্টায় তিনি ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। এই তালিকার মধ্যে রয়েছে তুরস্ক, পাকিস্তান, কাতার, ওমান, মিসর, জর্ডান, সৌদি আরব, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, তিউনিসিয়া ও ইরাক। এসব আলোচনায় বহিরাগত শক্তির কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা এবং নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে কঠোর বার্তা দিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। তিনি জানান, ওয়াশিংটন তেহরানের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তিনি আরও বলেন, যুদ্ধের সূচনালগ্নের চেয়ে ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে আরও উচ্চ সতর্কতায় এবং শক্তিশালী অবস্থানে রয়েছে।
এর পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেন মোহেব্বি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর কাজ নিয়মিতভাবে এগিয়ে চলছে।
পরিস্থিতি শান্ত করার এই প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ফোনালাপ হয়েছে। পরবর্তীতে সংঘাতের তীব্রতা কমানোর বিষয়ে মার্কিন প্রশাসনের আন্তরিক সদিচ্ছার প্রশংসা করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি।




























