ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার গ্যাব্রিয়েল ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ১৬ বছর বয়সী এই ফুটবলারকে ভবিষ্যতের সুপারস্টার হিসেবে বিবেচনা করা হচ্ছিল, কিন্তু ১৬তম জন্মদিনের এক মাস আগেই তিনি ইউনাইটেডের কাছে নিজের রেজিস্ট্রেশন বাতিলের অনুরোধ জানিয়ে সবাইকে চমকে দেন। ক্লাবটির সিনিয়র দলের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় গ্যাব্রিয়েল বলেন, আপনারা আমাকে এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছেন যা আমি সবসময় মনে রাখব। প্রতিটি কোচ, স্টাফ সদস্য, সতীর্থ এবং যারা আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং আমার বিকাশে সাহায্য করার জন্য। তিনি আরও যোগ করেন, আমি যখন আমার পরবর্তী অধ্যায় শুরু করছি, ম্যানচেস্টার ইউনাইটেড সবসময়ই আমার গল্পের একটি অংশ হয়ে থাকবে।
স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, গ্যাব্রিয়েলকে জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে সই করানোর জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে ইউনাইটেদের একটি চুক্তি সম্পন্ন হয়েছে। প্রাক্তন আইরিশ আন্তর্জাতিক ফুটবলার জো ও'সিয়ারুইলের ছেলে গ্যাব্রিয়েল গত মৌসুমে ইউনাইটেডের একাডেমি প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন এবং তাকে দ্রুত মূল দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল ক্লাবটির।
আগস্ট মাসে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তার অভিষেক হয়েছিল। সেপ্টেম্বরে ব্রাইটনের বিপক্ষে লিগ কাপের ম্যাচে তাকে ক্লাবের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামানোর পরিকল্পনা ছিল। তবে সেই ম্যাচের ঠিক আগের দিনই তিনি ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন।
























