প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যা নামার পর থেকেই জেলায় শীতের অনুভূতি বাড়তে শুরু করে। রাত যত গভীর হচ্ছে, ঠান্ডার তীব্রতা ততই অনুভূত হচ্ছে। এর আগে মঙ্গলবার ভোরেও প্রকৃতি কুয়াশার চাদরে ঢাকা ছিল, যা শীতের আগমনী বার্তাকে আরও স্পষ্ট করে তুলেছে।
শীতের এই প্রাথমিক পর্যায়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর এর প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে চা-শ্রমিক, দিনমজুর এবং ভোরে কাজে বের হওয়া বিভিন্ন পেশার মানুষকে সকাল ও রাতে ঠান্ডার মুখোমুখি হতে হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানিয়েছেন, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।


























