প্রায় ২২ বছর পর লালমনিরহাট সফরে গিয়ে একদিনের সরকারি কাজ শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে হেলিকপ্টারে করে তিনি লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি তার প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেছিলেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন।
সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করা। এই কর্মসূচি উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী স্থানীয় উপকারভোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এছাড়া জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানেও অংশ নেন তিনি।























